নয় জেলায় ২৮ জুলাই থেকে ১৪ দলের নেতাদের গণসংযোগ কর্মসূচি
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার সংক্রান্ত ৩১ দফা প্রস্তাব সম্পর্কে জনসমর্থন আদায়ের লক্ষ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট আগামী ২৮ থেকে ৩০ জুলাই রাজধানী ও সংলগ্ন আটটি জেলায় গণসংযোগ কর্মসূচি চূড়ান্ত করেছে।
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, তিনদিনব্যাপী গণসংযোগ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ইতোমধ্যে বিরোধী দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে তিনটি দল গঠন করা হয়েছে।
দল তিনটি ২৮ জুলাই থেকে একই সাথে নয় জেলায় গণসংযোগে নামবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচনী আইন ও নির্বাচন কমিশন সংস্কার সম্পর্কে জনগণকে বিশদ অবহিত করাই এ কর্মসূচির উদ্দেশ্য।
আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশাহ, জাসদ (ইনু) সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, গণতন্ত্রী পার্টির নুরুল ইসলাম ও ১১ দলের অন্য কয়েকজন নেতা মানিকগঞ্জ, গাজীপুর ও ঢাকায় যথাক্রমে ২৮, ২৯ ও ৩০ জুলাই গণসংযোগ পরিচালনা করবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ (ইনু)-র কার্যকরী সভাপতি মইনুদ্দিন খান বাদল, গণফোরামের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মানিক ও সাম্যবাদী দলের (এম-এল) সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ওই একই তারিখে যাবেন নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও টাঙ্গাইলে।
অন্যদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, ১১ দলের আহ্বায়ক বিমল বিশ্বাস, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সহ-সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও গণফোরাম নেতা পঙ্কজ ভট্টাচার্য মুন্সীগঞ্জ, রাজবাড়ী ও নরসিংদীতে গণসংযোগ সফরে যাবেন।
