২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব এখন কেউ অস্বীকার করতে পারবে না: ড. কামাল

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব এখন কেউ অস্বীকার করতে পারবে না। এ প্রস্তাব এখন গণদাবিতে পরিণত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

জাতীয় প্রেস ক্লাবে ১১ দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার তিনি একথা বলেন। আওয়ামী লীগসহ বিরোধী দল প্রস্তাবিত সংস্কার সম্পর্কে তাদের অবস্থান ব্যাখ্যা করতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

ড. কামাল বলেন, সংস্কার প্রস্তাবের বিরোধিতা করে কেউ এখন আর জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাবে না।

তিনি বলেন, ক্ষমতাসীন জোটসহ কোনও রাজনৈতিক দলই সংস্কার প্রস্তাব সম্পর্কে উদাসীন থাকতে পারছে না। সংসদ বা সংসদের বাইরেও এ বিষয়ে আলোচনা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

সংসদের ভেতরে এ বিষয়ে আলোচনার জন্যে বিএনপি নেতাদের দাবি সম্পর্কে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের সংস্কার প্রস্তাব সম্পর্কে সংসদে আলোচনা করা বাধ্যতামূলক নয়। ক্ষমতাসীন বিএনপি এবং বিরোধী দলের মধ্যে সংলাপ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, দুপক্ষই জনগণের ভোটে নির্বাচিত। তাই তাদের মধ্যে আলোচনা হতেতো কোনও বাধা নেই।

তিনি উল্লেখ করেন, একটি টেলিফোন কলের মধ্য দিয়েই আলোচনা প্রক্রিয়া শুরু হতে পারে।

বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল অথবা ১১ দলের কোনও নেতাকে ফোন করেই সংলাপ শুরু করতে পারেন বলে তিনি মন্তব্য করেন।

আলোচনার পরিবেশ তৈরি করতে ক্ষমতাসীন দলের দায়িত্বই বেশি বলে উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, এ ব্যাপারে বিএনপিকেই প্রথমে এগিয়ে আসতে হবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাইফউদ্দিন আহমদ মানিক, রাশেদ খান মেনন, বিমল বিশ্বাস, হাজী আবদুস সামাদ, জাকির হোসাইন, নুরুল ইসলাম প্রমুখ।

এক প্রশ্নের জবাবে রাশেদ খান মেনন জানান, সিপিবি এখনও জোট ত্যাগ করেনি। সংগঠনটি এখনও তাদের সঙ্গে আছে।