বোমা বিস্ফোরণে নিহত নূর হোসেনের মা ২০ দিন পর মুক্তি পেয়েছে, আদালতে মামলা দায়ের
ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর গ্রামে বোমা বিস্ফোরণে নিহত নূর হোসেনের মা সোমবার ৯ জন বিএনপি নেতা কর্মীকে আসামি করে একটি মামলা করেছেন।
নুর হোসেনের মৃত্যুর ঘটনা নিয়ে এ পর্যন্ত চারটি মামলা দায়ের করা হয়েছে।
নুর হোসেনের মা নুরজাহান বেগম অভিযোগ করেন, নুর হোসেন নিহত হওয়ার পর তাকে এবং নুর হোসেনের স্ত্রী রেনু বেগমকে গত ২০ দিন জিম্মী করে রেখেছিল। জিম্মী দশা থেকে মুক্তি পেয়েই তিনি এ মামলা দায়ের করেন।
গত ২৭ জুন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহম্মেদ ভোলায় অবস্থানকালে তার গ্রামের বাড়ির কাছে স্থানীয় বিএনপি কর্মীরা বোমা বানানোর সময় বিস্ফোরণে নূর হোসেন মারা যায়।
নুরজাহান বেগমের দায়ের করা মামলার আসামীরা কাঞ্চন বয়াতি, রেবু বেগম, ছোটন, জাকির হোসেন, ছিদ্দিক ফরাজী, শাহে আলম, শওকত হোসেন, মোরশেদ এবং আবদুর রশিদ।
সোমবার ভোলার আদালতে মামলা দায়ের করার পর নিহত নুর হোসেনের মা নুরজাহান বেগম ও ভাই নুর মোহাম্মদ সাংবাদিকদের জানান, নুর হোসেন বিএনপি কর্মী নয়। সে রাজনীতি করতো না। সে ছিলো একজন রিকশাচালক। মাঝে মধ্যে নদীতে মাছ ধরতে যেতো। ঘটনার একদিন আগে ২৬ জুন মেঘনাূ মাছ ধরার কথা বলে বাড়ি থেকে চলে যায়।
নুরজাহান বেগম আরও বলেন, ২৭ জুন রাত ৮টার দিকে তাকে (নুরজাহান) এবং নুর হোসেনের স্ত্রী রেনু বেগমকে এলাকার এক যুবক এসে চেয়ারম্যানের কথা বলে ডেকে নিয়ে যায়। তাদের নিয়ে যায় দৌলতখান হাসপাতালে নুর হোসেনের লাশ দেখানোর জন্য। এরপর তাদের জিম্মি করে রাখে। ওই দিন রাতে তাদের বেড়িবাধে একটি ঘরে আটক রাখে। ২৯ জুন নিয়ে যায় চর বোরহানউদ্দিনের এক বাড়িতে। এভাবে নানা কায়দায় আমাকে (নুরজাহান) ও নুর হোসেনের স্ত্রীকে ২০ দিন জিম্মি করে রাখা হয়।
