টেকনাফ পৌর চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বদি গ্রেপ্তার
কক্সবাজার জেলার সীমান্ত এলাকা টেকনাফ পৌরসভার চেয়ারম্যান ও আওয়ামী লীগ জেলা কমিটির নেতা আবদুর রহমান বদিকে পুলিশ সোমবার গ্রেপ্তার করেছে।
গ্রেফতারের জের হিসেবে সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন ইউপি চেয়ারম্যানসহ ১৫ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, টেকনাফ উপজেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে বাড়ি ফেরার পথে টেকনাফ থানা পুলিশের সেকেন্ড অফিসার নুরুন্নবীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলা পরিষদের সামনে তাকে গ্রেপ্তার করে। এলাকার পরিস্থিতি বিবেচনা করে বদিকে থানায় না নিয়ে সরাসরি কক্সবাজার সদরে আদালতে পাঠিয়ে দেয়া হয়।
এলাকাবাসী জানায়, দুপক্ষের সমর্থকদের মিছিল সন্ধ্যা সাতটার দিকে শাপলা চত্বর এলাকায় মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়।
আওয়ামী লীগ সমর্থকরা যখন গ্রেফতারের প্রতিবাদে মিছিল করছিল তখন বিএনপি সমর্থকরা জাফর আহমেদের নেতৃত্বে আনন্দ মিছিল বের করে।
টেকনাফ পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে পৌর চেয়ারম্যান আবদুর রহমান বদি তার নিজের দপ্তরের প্রকৌশলী লতিফুর রহমানকে মারধর করেন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আরও জানায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, আবদুর রহমান বদি দীর্ঘদিন ধরে পৌরসভার কার্যক্রমে অনুপস্থিত রয়েছেন। তার কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে কিছুদিন আগে টেকনাফ পৌরসভার ৯ জন কমিশনার তার প্রতি আনুষ্ঠানিক অনাস্থা প্রকাশ করলে পৌরসভায় তিনি অনেকটা একা হয়ে পড়েন। তারপর নারী নির্যাতন, অপহরণ করে হত্যাসহ নানা মামলায় জড়িয়ে পড়লে তিনি আত্মগোপন করতে বাধ্য হন।
জানা গেছে, আবদুর রহমান বদির বিরুদ্ধে আরো ৬/৭টি মামলা রয়েছে। সে সকল মামলায় হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেলেও গতকাল তার দপ্তরের প্রকৌশলীকে মারধরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল এক বিবৃতিতে আবদুর রহমান বদিকে গ্রেফতারের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন। বিবৃতিতে তিনি বলেন, জোট সরকার তাদের দু:শাসনের বিরুদ্ধে চলমান আন্দোলনকে নষ্যাৎ করতে বিরোধী দলের বলিষ্ট সংগঠক ও জনপ্রিয় নেতাদের হয়রানি, অত্যাচার ও নির্যাতনের যে পথ বেছে নিয়েছে, আবদুর রহমানকে গ্রেফতার তারই ধারাবাহিকতা।
