কারিগরি শিক্ষার জন্য দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন
দেশের প্রক্ষ্যাত শিক্ষক এবং নেতৃস্থানীয় শিক্ষাবিদরা বলেছেন, ক্রমাগত অবহেলা ও বাজেট স্বল্পতার কারণে দেশের কারিগরি শিক্ষা ফলপ্রসূ হচ্ছে না এবং এর ফলে বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
তারা বলেন, শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্ধ করতে হবে এবং লাখ লাখ বেকার যুবককে আত্মনির্ভরশীল করতে কারিগরি শিক্ষা খাতে বরাদ্দ করতে হবে ১০ শতাংশ।
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার শিক্ষা ও মানব সম্পদ উপ কমিটি আয়োজিত ‘শিক্ষাক্ষেত্রে সংকট এবং করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা একথা বলেন।
উপ কমিটির চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. একে আজাদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল বায়েস, আওয়ামী লীগ এমপি আব্দুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আখতারুজ্জামান, ঢাবি’র সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন বেসরকারি কারিগরি শিক্ষা সমিতির নেতা কাজী ফারুক আহমেদ ও শাহজাহান আলম মঞ্জু।
আব্দুল জলিল বলেন, বর্তমান কারিগরি শিক্ষা সন্তোষজনক নয়। কেননা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকতে পারে না। তিনি বলেন, আমাদের দরকার আধুনিক ও বাস্তবভিত্তিক শিক্ষা ব্যবস্থা যাতে আমাদের শিক্ষার্থীরা একুশ শতকের চাহিদা মোকবেলা করতে পারে।
ড. আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষাগত রক্ষণশীলতার কারণে দেশের কারিগরি শিক্ষা অবহেলিত হচ্ছে। কেননা লোকজন মনে করে তাদের পরবর্তী প্রজন্ম হবে ডাক্তার কিংবা প্রকৌশলী, কাঠমিস্ত্রী বা স্বর্ণকার নয়।
তিনি বলেন, চাকরিজীবীদের মধ্যে যে ফারাক রয়েছে তা দূর করার জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থা উন্নত করতে এ মনোভাব পরিবর্তন করতে হবে।
বৈঠকে মূল প্রবন্ধ পাঠ করেন কারিগরি শিক্ষা বোর্ডের সাবেক পরিচালক শফিকুল হক। বৈঠকটি পরিচালনা করেন শিক্ষা সচিব নুরুল ইসলাম নাহিদ।
