২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই আওয়ামী লীগের ৩১ দফা: মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই আওয়ামী লীগ ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। তাদের লক্ষ্যই হচ্ছে নির্বাচনকে ব্যাহত করা ও ওই ইস্যুকে রাজনৈতিক আন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 07:34 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

শুক্রবার বেইলি রোডের সরকারি বাস ভবনে সাংবাদিকদের কাছে দেওয়া তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। বিরোধী দলী নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আন্দোলনরত ১৪ দলের পক্ষে তত্বাবধায়ক সরকার ও নির্বাচন প্রক্রিয়া সংস্কার সংক্রান্ত ৩১ দফা প্রস্তাব ঘোষণার পর তিনি এ প্রতিক্রিয়ায় ব্যক্ত করেন।

মান্নান ভূঁইয়া বলেন, আওয়ামী লীগের সদিচ্ছা থাকলে প্রস্তাব নিয়ে সংসদে আসুক, আলোচনা করুক। এ নিয়ে বিরোধী দলের সাথে আলোচনা হতে পারে। তবে আগে তাদের সংসদে ফিরে আসতে হবে।

মান্নান ভূঁইয়া ৩১ দফা প্রস্তাবের সকল দাবি নিয়ে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, ৩১ দফার মধ্যে বেশকিছু দাবি নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত ও ব্যাহত করবে। কিছু দাবি বাস্তবায়নের ক্ষেত্রে প্রচলিত আইনেও ব্যবস্থা নেওয়া যায়। তবে কতিপয় দাবি নিয়ে আলোচনা হতে পারে।

সকল দলের ঐক্যমতের ভিত্তিতে তত্বাবধায়ক সরকার প্রধানকে নিয়োগ করার প্রস্তাবনা সম্পর্কে তিনি বলেন, এ দাবির কোনো যৌক্তিকতা নেই। যেখানে সরকার ও বিরোধী দলের মধ্যে ‘টকিং টার্ম’ নেই। সেখানে এত দলের সাথে আলোচনার মাধ্যমে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে তত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে নিয়োগ করা অসম্ভব। এ দাবি নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।

প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে আলোচনার প্রস্তাবনার বিষয়ে তিনি বলেন, একইভাবে সকলের সমঝোতার ভিত্তিতে এ নিয়োগ সম্ভব নয়।

মান্নান ভূঁইয়া বলেন, নির্বাচন কমিশন বর্তমানে স্বাধীনভাবেই কাজ করছে। তারা তাদের আইনও নিজেরাই তৈরী ও প্রয়োগ করছে। তাদের কাজে কোনো বাধা নেই।

তিনি বলেন, অনেক দাবি রয়েছে, যা মানা সম্ভব নয়। কারণ এতে ‘পেন্ডেরা বক্স ওপেন’ হয়ে যাবে। এটি নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করবে। অনেক দাবি নির্বাচন প্রক্রিয়া সহজ করার পরিবর্তে আরো জটিল করে তুলছে।

বিএনপি মহাসচিব কালো টাকা ও সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠানের প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের দাবি মানলেও নির্বাচন কালো টাকার প্রভাবমুক্ত হবে না। এ দাবি নিয়ে আলোচনা হতে পারে।

তিনি বলেন, বিএনপিও কালো টাকা ও সন্ত্রাসমুক্ত নির্বাচন করতে আগ্রহী। কারণ বিএনপি কারচুপিতে বিশ্বাস করেনা। কালো টাকা ও সন্ত্রাসমুক্ত নির্বাচন হলে বিএনপিরই নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি।