২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট চুরি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: শেখ হাসিনা

বিএনপি জামাত জোট আগামী নির্বাচনে ভোট চুরির নানান ফন্দি ফিকির ও ষড়যন্ত্র করছে, এ অভিযোগ করে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, ঠিকভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণ ভোটের মাধ্যমে তাদের বিদায় করে দেবে। ভোট চুরি প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

বৃহস্পতিবার বিকেলে ধানমণ্ডির কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে দেশপ্রেমিক মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা জোট দুঃশাসনের অবসান চান, তারা আর বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে না থেকে আওয়ামী লীগের পতাকাতলে আসুন। আপনাদের জন্যে আওয়ামী লীগের দরজা সবসময় খোলা।

শেখ হাসিনা বলেন, কথা দিচ্ছি, জোট দুঃশাসনের কবল থেকে দেশকে মুক্ত করে আমরা সরকার গঠন করতে পারলে দেশে আর কোনও মুক্তিযোদ্ধার ঘরের চাল দিয়ে পানি পড়বে না। সকলে যেন খেয়ে পড়ে শান্তিতে বসবাস করতে পারে সে ব্যবস্থা আমরা করবো।

সাবেক পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান, বগুড়ার বিএনপি নেতা ডিউক তালুকদার, জামাত নেতা জামাল উদ্দীন এবং জাতীয় পার্টি নেতা মতিউর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতা-কর্মী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।

শেখ হাসিনা আওয়ামী লীগে তাদের স্বাগত ও অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলে জোট সরকারের পতন ত্বরান্বিত করার আহ্বান জানান। 

এসময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, আব্দুল মান্নানসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।