২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার সংস্কারের বিষয়টি একান্তই বাংলাদেশের জনগণের: জার্মান রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত দিয়েট্রিচ অ্যান্দ্রিয়াস বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের বিষয়টি একান্তই বাংলাদেশের জনগণের বিষয়। দেশের স্বার্থে কী করা দরকার, এখানকার মানুষ সাংবিধানিক ধারা মতে নিজেরাই সে সিদ্ধান্ত নেবে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে তার বিদায়ী সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈঠক সূত্র জানায়, আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে বর্তমান পরিস্থিতি উত্তরণে আওয়ামী লীগ কী কী পদক্ষেপ গ্রহণ করবে শেখ হাসিনার কাছে তা জানতে চেয়েছিলেন জার্মান রাষ্ট্রদূত।

শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি তাকে অবহিত করেন। আওয়ামী লীগের এ সকল কর্মসূচি অন্যান্য দলের চেয়ে কেনো উত্তম তাও জার্মান কূটনীতিককে জানানো হয়। 

দেশে গণতন্ত্রের বিকাশ ঘটাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয়তার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

বিকেল চারটা থেকে প্রায় দেড় ঘন্টার বৈঠকে তারা দ্বি পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।

জার্মান রাষ্ট্রদূত জানান, বিরোধী দলীয় নেতার সঙ্গে এটি ছিলো তার সৌজন্য সাক্ষাত। বাংলাদেশে তিনি গত চার বছরের দায়িত্ব শেষ করতে যাচ্ছেন। এ সময় দায়িত্ব পালনকালে আওয়ামী লীগের পক্ষ থেকে সহযোগিতার জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি।