আন্দোলন নিষিদ্ধ করে জারি করা ডিক্রী সুপ্রিম কোর্টের ঐহিত্য ও নিরপেক্ষতা ধ্বংস করেছে : আইনজীবী সমন্বয় পরিষদ
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ (এসএএসপি) বলেছেন, আইনজীবীদের চলমান আন্দোলন নিষিদ্ধ করে জারি করা ২৩ মে’র ডিক্রী সুপ্রিম কোর্টের ঐহিত্য ও নিরপেক্ষতা ধ্বংস করে দিয়েছে।
বুধবার হাইকোর্ট চত্বরে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ আয়োজিত সাপ্তাহিক মানববন্ধন কর্মসূচি পালন শেষে আয়োজিত এক সমাবেশে বক্তারা একথা বলেন।
সমাবেশে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক ব্যারিস্টার আমীর- উল ইসলাম বলেন, আইনজীবীরা ২৩ মে জারি করা ডিক্রি মেনে চলতে বাধ্য নয়। সরকার বিচার বিভাগকে মেধা শূন্য করতে ষড়যন্ত্র করছে। আমরা চাই খুঁতহীন বিচার বিভাগ। তিনি আরও বলেন, আমরা বিচার বিভাগের স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন করে যাচ্ছি, আইনজীবীদের আন্দোলন নিষিদ্ধ করে জারি করা ডিক্রীর বিরুদ্ধে নয়।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম, সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট বাসেত মজুমদার, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এমএ হালিম, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনায়েতুর রহিম, অ্যাডভোকেট বশির আহমেদ প্রমুখ।
