২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত দেশ, জাতি, মানবতা ও ইসলামের শত্র“, দেশের ধর্ম প্রাণ মুসলামানদের ওরা বিভ্রান্ত করছে : শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ক্ষমতাসীন জোটের অংশীদার জামায়াতকে দেশ, জাতি, মানবতা ও ইসলামের শত্র“ আখ্যায়িত করে বলেছেন, পবিত্র ইসলামকে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। ওরা দেশের ধর্ম প্রাণ মুসলামানদের বিভ্রান্ত করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 08:22 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

তিনি বলেন, বিএনপি জামাত জোট রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। ওদের হাত থেকে দেশ জাতিকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বুধবার বিকেলে পীর মাশায়েখ ও মাজার শরিফের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে শেখ হাসিনা এ কথা বলেন।

শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় আনিসুল হক ও মুজিবুর রহমান চিশতিও বক্তব্য রাখেন।

এ সময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্ উপস্থিত ছিলেন।

দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে শেখ হাসিনা বলেন, বিএনপি জামাত জোট সরকার বিনা বিচারে মানুষ হত্যা করে চলেছে। তাদের অত্যাচার নির্যাতনে দেশের মানুষ অতিষ্ট।

তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে দেশের মানুষের নাভি:শ্বাস উঠেছে। দুর্নীতি করে টাকার পাহাড় গড়েছে বলে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা বলছেন জিনিসের দাম বাড়েনি।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু দেশে মদ ও জুয়া বন্ধ করেছিলেন। জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে আবারও তা চালু করেন। আর খালেদা জিয়া দেশে মদ তৈরির লাইসেন্স দিয়েছেন।

তিনি বলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য জামায়াত রাজনীতি করে না। জামায়াতের লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। জামাত নেতা নিজামীর কথাতেই তার প্রমাণ মিলেছে।

শেখ হাসিনা জনগণের কাছে প্রকৃত ইসলাম তুলে ধরার জন্য পীর মাশায়েখদের প্রতি আহ্বান জানান।

আগামী ১১ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সুফী মজলিশের মহা সমাবেশের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ব্যাপারে শেখ হাসিনা তার সম্মতির কথা জানান।