সংস্কার প্রস্তাব সংসদে দেওয়া হবে না, আ. লীগ আগস্টে মাসব্যাপী কর্মসূচি চূড়ান্ত করেছে
তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং নির্বাচনী আইন সংস্কার বিষয়ে বিরোধী দলের সমন্বিত প্রস্তাবনা সংসদে উপস্থাপন করা হবে না। এ প্রস্তাব মেনে নিতে সরকারকে নির্দিষ্ট সময়ের জন্যে আলটিমেটাম দিয়ে আওয়ামী লীগ দেশব্যাপী ধারাবাহিক আন্দোলন গড়ে তুলবে। একই সঙ্গে চলবে সরকার পতনের আন্দোলন।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের (ওয়ার্কিং কমিটি) সভায় সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার ধানমণ্ডির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টা থেকে প্রায় সাড়ে চার ঘন্টার এ সভা শেষে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক প্রেস ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫ আগস্ট বিরোধী দলের এ সমন্বিত প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করবেন। এর আগে ১৪ জুলাই আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির জরুরি সভায় সংস্কার বিষয়ক সমন্বিত প্রস্তাবনা অনুমোদন করা হবে।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোববার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে প্রধান বিরোধী দলের উদ্দেশে বলেছিলেন, বাইরে দাবি তুলে লাভ নেই। কোনো সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে সংসদে এসে তা করুন। বিবেচনা করা হবে।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী ও তার দলের স্থায়ী কমিটির সদস্য স্বাস্থ্য মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্যে এটি বোঝা যায়, তারা সংস্কারের প্রয়োজনীয়তা তথা আমাদের দাবির যৌক্তিকতা স্বীকার করছেন। আমাদের দাবি মানতেও বাধ্য হবেন তারা।
তিনি বলেন, সভায় তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে আলোচনা হয়েছে। আওয়ামী লীগ মনে করে, সরকারের পছন্দের লোক তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) থাকলে নির্বাচনে অংশ নেওয়া অর্থহীন হবে। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আর এজন্যে সংস্কার জরুরি।
ওয়ার্কিং কমিটির সভায় ‘জাতীয় শোক দিবস’সহ আগস্টে মাসব্যাপী কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে: ১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে কালো ব্যাজ ধারণ ও শোকর্যালিসহ বিভিন্ন কর্মসূচি, ১৪ আগস্ট ধানমণ্ডিস্থ বঙ্গবন্ধু ভবন চত্বরে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী, ১৫ আগস্ট সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধুর মাজার ও প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। ওই দিন সারা দেশে পালিত হবে অর্ধদিবস (৬ টা - ২ টা) হরতাল।
এছাড়া, ২১ আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে ২০ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে স্মৃতিফলক উদ্বোধন করা হবে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা শহীদদের স্মরণে নির্মিত এ স্মৃতিফলক উন্মোচন করবেন।
২১ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হবে সন্ত্রাস বিরোধী র্যালি। বিকেল ৫ টা ২২ মিনিটে এ মিছিল শুরু হয়ে বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হবে। সন্ধ্যায় এখানে রাজনৈতিক সন্ত্রাস বিরোধী আলোক প্রজ্বলন করা হবে।
সারাদেশে একই ধরনের কর্মসূচি পালন করা হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
সোমবারের সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি নিয়ে সৃষ্ট বিরোধ ও অচলাবস্থা নিয়েও আলোচনা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে গঠিত টিম সৃষ্ট সংকটের সমাধান করবেন। মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে বৈঠক করে সমস্যা সমাধানে ব্যর্থ হলে দলীয় প্রধান সরাসরি তা সমাধানে উদ্যোগী হবেন বলেও জানান ওবায়দুল কাদের।
