শেখ হাসিনার সঙ্গে ভারতীয় সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক
বাংলাদেশ সফররত সাত সদস্যের ভারতীয় সংসদীয় প্রতিনিধি দল রোববার রাতে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। দু’দেশের সংসদীয় গণতন্ত্র বিকাশ এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেন।
ধানমণ্ডির সুধাসদনে সোয়া সাতটা থেকে এক ঘন্টার এ বৈঠক শেষে প্রতিনিধি দলের নেতা ভারতের সংসদ ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী বিজয় কৃষ্ণ হ্যাণ্ডিক্ অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে আমরা দু’দেশের সংসদীয় গণতন্ত্র নিয়ে আলোচনা করেছি।
পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি সাংবাদিকদের জানান, শেখ হাসিনার সঙ্গে সফররত ভারতীয় সংসদীয় প্রতিনিধি দলের এটি ছিলো সৌজন্য সাক্ষাত।
তিনি বলেন, বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা প্রতিনিধি দলের কাছে তার সাম্প্রতিক ইউরোপ সফর এবং এএপিপি সম্পর্কে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। গণতন্ত্রের বিকাশ ও দু’দেশের সুসম্পর্ক আরও গভীর হবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।
বৈঠকে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক অবস্থা সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে বলে বৈঠক সূত্র বিডিনিউজকে জানিয়েছে।
ভারতীয় প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অধীর রঞ্জন চৌধুরী এমপি, মহামেগাবহন এইরা এমপি, মতিলাল সরকার এমপি, অধ্যাপক সত্যপাল সিং বাঘেল এমপি, সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ধানি রাম ও রবি প্রকাশ শর্মা।
জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ অ্যাডভোকেট এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বীনা সিক্রীও বৈঠকে উপস্থিত ছিলেন।
