সকল গ্রেনেড ও বোমা হামলার আবারও আন্তর্জাতিক তদন্ত দাবি করলেন শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবারও ২১ আগস্ট বঙ্গবন্ধু এ্যভিনিউতে ও হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলাসহ সকল গ্রেনেড ও বোমা হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন।
তিনি বলেন, বিএনপি জামাত জোটের সন্ত্রাসীরা বোমা হামলাগুলো চালিয়েছে বলেই সরকার এগুলোর সুষ্ঠু তদন্ত করছে না। প্রকৃত তদন্ত হলে সরকারের অনেকেই ধরা পড়ে যাবে বলে তিনি মন্তব্য করেন।
গত ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে সংঘটিত গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের সদস্যরা রোববার সকালে সুধাসদনে তার সঙ্গে দেখা করতে আসলে শেখ হাসিনা এ কথা বলেন।
বৃহস্পতিবার লণ্ডন বোমা হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে হতাহতদের উদ্ধার ও অপরাধীদের ধরতে তারা কত তৎপর। অথচ ২১ আগস্টের গ্রেনেড হামলার পর আহত নিহতদের সাহায্য করতে সরকারের কেউ এগিয়ে আসেনি। তারা উল্টো অপরাধীদের পালাতে সাহায্য করেছে।
দেশের বর্তমান অবস্থার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, দেশে আজ আইনের শাসন নেই। দ্রব্যমূল্যের চরম উর্ধ্বগতি আর সরকারের অত্যাচার নির্যাতনে দেশে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।
র্যাবের অভিযানের সমালোচনা করে আওয়ামী লীগ প্রধান বলেন, বিচার বহির্ভূতভাবে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। সারা দেশে আমাদের নেতা কর্মীদের হত্যা, হামলা, মামলা ও হয়রানি করা হচ্ছে।
হবিগঞ্জের গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ মোট পাঁচজন আওয়ামী লীগ নেতা নিহত হয়।
হবিগঞ্জের গ্রেনেড হামলায় নিহত আবু হোসেনের বিধবা স্ত্রী খোদেজা খাতুন ও পুত্র আব্দুল মতিন, সিদ্দিক আলীর স্ত্রী সোহরাত বানু ও পুত্র মোখলেসুর রহমান এবং আব্দুর রহমানের স্ত্রী আসিয়া খাতুন, কন্যা ফাতেমা খাতুন ও পুত্র সোহেল আহমেদসহ তাদের পরিবারের অন্যান্য সদস্যরা রোববার শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন।
এ সময় তারা শেখ হাসিনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন।
আওয়ামী লীগ সভানেত্রী প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে ৫০ হাজার টাকা করে চেক তুলে দেন।
এসময় আওয়ামী লীগ নেতা ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন, ড. হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
