২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা কানের চিকিৎসার জন্যে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ১৬ জুলাই

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার ক্ষতিগ্রস্ত কানের চিকিৎসার জন্যে ১৬ জুলাই যুক্তরাষ্ট্র যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 08:26 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

ব্রিটিশ এয়ারওয়েজর একটি বিমানযোগে ওই দিন সকালে তিনি ঢাকা ছাড়বেন। তার এ সফরকাল হতে পারে দুসপ্তাহ।

বিরোধী দলীয় নেতার একজন ব্যক্তিগত কর্মকর্তা শনিবার বিডিনিউজকে জানান, যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শেখ হাসিনার কানের চিকিৎসার ফলো-আপের জন্যে তার এ সফর। চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের পর এ সফরসূচি নির্ধারণ করা হয়েছে। 

শেখ হাসিনা কানের চিকিৎসার জন্যে মার্চে সর্বশেষ যুক্তরাষ্ট্র গিয়েছিলেন।

গত বছর ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় তার কান মারাতœকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

জয় সস্ত্রীক দেশে আসছেন আগস্টের দ্বিতীয় সপ্তাহে

বঙ্গবন্ধুর দৌহিত্র ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয় আগস্টের দ্বিতীয় সপ্তাহে স্ত্রী ক্রিস্টিনকে নিয়ে বাংলাদেশ আসছেন।

সুধাসদন সূত্র শনিবার বিডিনিউজকে জানায়, তাদের এ সফরকাল হতে পারে দুসপ্তাহ। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে তারা দেশে থাকবেন। ওই দিন জাতীয় শোক দিবসের কর্মর্সূচিতে অংশ নেবেন তারা।

এছাড়া, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও আগস্টে দেশে আসতে পারেন বলে সূত্র জানিয়েছে। সূত্র জানায়, এর আগে আগামী সপ্তাহে শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফরকালে শেখ রেহানাও সেখানে যাবেন।