প্রবীণ কংগ্রেস নেতা জাকারিয়া আর নেই
ভারতীয় কংগ্রেসের প্রবীণ নেতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক ড. রফিক জাকারিয়া শনিবার ভোরে ইন্তেকাল (ইন্নানিল্লাহে....রাজেউন) করেছেন।
পরিবার সূত্রে এ খবর জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
সূত্র জানায়, মৃত্যুর আগে তিনি পিঠের ব্যাথায় ভুগছিলেন। তার মৃতদেহ সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রোববার তার ছেলে ফরিদ জাকারিয়া যুক্তরাষ্ট্র থেকে আসলে তার মরদেহ দাফনের জন্য আওরঙ্গবাদে নিয়ে যাওয়া হবে।
ড.জাকারিয়া বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে এম এম পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলে অসাধারন রেজাল্টের জন্য চ্যান্সেলর গোল্ড মেডেল লাভ করেন।
এরপর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সম্মানসূচক পিএইচডি ডিগ্রি লাভ করেন।
ভারতীয় রাজনীতিতে বহুমুখী প্রতিভার অধিকারী ডঃ জাকারিয়া ভারতের স্বাধীনতা আন্দোলনের সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত ছিলেন এবং জনগনের সেবায় ২৫ বছর অতিবাহিত করেছেন।
বিভিন্ন দেশে ভারতে প্রতিনিধিত্ব করাসহ তিনি ১৯৬৫, ১৯৯০ এবং ১৯৯৬ সালে জাতিসংঘে ভারতের প্রতিনিধিত্ব করেন। ভারত বিষয়ক, ইসলাম ও ব্রিটিশ সাম্রাজ্যবাদ সংক্রান্ত সৃজনশীল লেখক ডঃ জাকারিয়া আরও অনেক গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্যগ্রন্থ হচ্ছে - এ স্টাডি অব নেহেরু, রাইজ অব মুসলিম ইন ইন্ডিয়ান পলিটিক্স, স্ট্রাগল উইদিন ইসলাম, কনফ্লিক্ট বিটুইন রিলিজিওন এন্ড পলিটিক্স, ইকবাল, দ্য পয়েট এন্ড পলিটিশিয়ান, দ্য প্রাইজ অব পার্টিশন, গান্ধি এন্ড দ্য ব্রেক-আপ অব ইন্ডিয়া, ইন্ডিয়ান মুসলিম: হয়ার হেভ দে গন রং? এবং সর্দার প্যাটেল এন্ড ইন্ডিয়ান মুসলিমস।
ডাঃ জাকারিয়া ছাত্রজীবনে সাহিত্য ও সাংবাদিকতায় আগ্রহী ছিলেন। সেই সময় তিনি ‘নিউজ করাচী’ এবং লন্ডনের ‘দ্য অবজারভার’ পত্রিকাতে কাজ করেছিলেন। এছাড়াও তিনি নিয়মিত ‘টাইম অব ইন্ডিয়া’ পত্রিকায় দু’সাপ্তাহ অন্তর করে কলাম লিখে যাচ্ছিলেন।
