জাপা নেতার আওয়ামী লীগে যোগদান
জাতীয় পার্টির (এ) কেন্দ্রীয় নেতা ও ঠাকুরগাঁও জেলার সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিক ও আইনবিদ এ্যাডভোকেট জেডএইচএন ইসলাম দুলাল চৌধুরী ও তার পুত্র ব্যারিস্টার এমবি নূর উর সাদিক চৌধুরী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
শুক্রবার বিকেলে ধানম-ির কার্যালয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন।
দুলাল চৌধুরী এক সময় আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও মাঝে দীর্ঘ দিন জাতীয় পার্টিতে সক্রিয় ছিলেন। আর ব্যারিস্টার সাদিক চৌধুরী পারিবারিক ভাবেই এক সময় জড়িত ছিলেন ছাত্রলীগের সঙ্গে।
শেখ হাসিনা দলে তাদের স্বাগত জানিয়ে বলেন, ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে আহ্বান জানাই, আওয়ামী লীগের যারা এখনও বিভিন্ন দলে থেকে বিভ্রান্তিতে আছেন, তারা যোগদান করুন। আওয়ামী লীগের দরজা আপনাদের জন্য সব সময়ই খোলা।
