২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার আ.লীগের জনপ্রিয় নেতা ও প্রার্থীদের তালিকা তৈরি করে হত্যা করছে: শেখ হাসিনা

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার তাদের গোপন বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের জনপ্রিয় নেতা এবং সম্ভাব্য প্রার্থীদের তালিকা তৈরি করে র‌্যাব ও সন্ত্রাসী দিয়ে একের পর এক হত্যা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 04:09 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

হবিগঞ্জে গ্রেনেড হামলা চালিয়ে সাবেক অর্থমন্ত্রীসহ আওয়ামী লীগ নেতাদের হত্যা এবং গত বছরের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এসব ঘটনার প্রকৃত তদন্ত হচ্ছে না। আসল সন্ত্রাসীরা ধরা পড়ছে না। তদন্তের নামে চলছে প্রহসন।

তিনি বলেন, গ্রেনেড কোত্থেকে এলো, কার নির্দেশে হামলা চালানো হলো, তা জাতিকে জানাতে হবে।

হবিগঞ্জের বৈদ্যের বাজারে সংঘঠিত গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেতা শাহ্ মঞ্জুরুল হুদার স্ত্রী শামসুন্নাহার হুদা, দু’শিশু পুত্র শাহ্ ইফাজ মঞ্জুর ও নাফিস মঞ্জুর এবং পরিবারের সদস্যরা বৃহস্পতিবার সুধাসদনে দেখা করতে এলে শেখ হাসিনা একথা বলেন। আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম এসময় উপস্থিত ছিলেন।

নিহতের স্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। আওয়ামী লীগ প্রধান নিহতের পুত্র সন্তানদের কাছে টেনে নিয়ে তাদের পড়াশুনার খোঁজ খবর নেন।   

২৭ জানুয়ারির ওই গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ্ এএমএস কিবরিয়াও নিহত হন।

বিরোধী দলীয় নেতা বলেন, জোট সরকারের অর্থমন্ত্রী একজন দুর্নীতিবাজ। প্রধানমন্ত্রীও দুর্নীতিবাজ। তাই অর্থমন্ত্রীর পাশাপাশি সরকারেরও পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, ক্ষমতাসীনদের দুর্নীতি ও সন্ত্রাসে দেশের মানুষ অতীষ্ঠ। ক্ষমতার শেষ বেলায় শেষ চাঁদাবাজি ও দুর্নীতি করে তারা টাকা কামিয়ে নিচ্ছে ।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দুর্নীতি করে টাকা কামায় বলে বাণিজ্য মন্ত্রীর কাছে জিনিসের দাম বেশি মনে হচ্ছে না। কিন্তু ভুক্তভোগী সাধারণ মানুষের নাভিঃশ্বাস উঠেছে।

শেখ হাসিনা বাজেটে থোক বরাদ্দের সমালোচনা করে বলেন, লুটপাটের জন্যেই এ বরাদ্দ রাখা হয়েছে।