শেখ হাসিনার সঙ্গে দলের চীন সফরকারী নেতাদের সাক্ষাৎ
চীন সফর শেষে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রতিনিধি দল বুধবার সকালে সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে সাক্ষাৎ করেছেন। তারা ১২ দিনের চীন সফরের অভিজ্ঞতা দলীয় প্রধানের কাছে তুলে ধরেন।
শেখ হাসিনা একটি কর্মপরিকল্পনা তৈরি করে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাদের কাছে তাদের অভিজ্ঞতা তুলে ধরার পরামর্শ দেন। এছাড়া বিভাগীয় পর্যায়ে কর্মশালার মাধ্যমে দলের মাঠ পর্যায়ের নেতাদের সঙ্গেও অভিজ্ঞতা বিনিময়ের পরামর্শ দেন তিনি।
প্রতিনিধি দলের নেতা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের বৈঠক শেষে বিডিনিউজকে জানান, তারা দলীয় প্রধানের কাছে চীন সফরের একটি সংক্ষিপ্ত রিপোর্ট পেশ করেছেন। তারা দু-চার দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী সহযোগী সংগঠন ও বিভাগীয় নেতাদের নিয়ে বসবেন।
প্রতিনিধি দলের অপর সদস্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামান, আব্দুর রহমান ও বীর বাহাদুর এমপিও বৈঠকে অংশ নেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এবং শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
