শেখ হাসিনার জন্যে আরও দু’টি বুলেট প্রুফ মার্সিডিজ
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার চলাফেরায় নিরাপত্তার জন্যে আরও দু’টি নতুন বুলেট প্রুফ মার্সিডিজ ওয়াগন আনা হয়েছে। দু’টি গাড়িই ‘লেফট হ্যান্ড ড্রাইভিং’ সুবিধাসম্পন্ন।
সংশ্লিষ্ট সূত্র মঙ্গলবার বিডিনিউজকে জানিয়েছে, গাড়ি দু’টি বেশ কিছুদিন আগে দেশে আনা হয়েছে। তবে শেখ হাসিনা এখনও এগুলোর ব্যবহার শুরু করেননি।
সূত্র জানায়, বাঁ হাতে চালিত বলে ওয়াগন দু’টি এখন ঢাকার রাস্তায় পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে।
বাংলাদেশে রাইট হ্যান্ড ড্রাইভিংয়ের গাড়ি চলাচল করে বলে এখানকার ড্রাইভাররাও এতেই অভ্যস্ত। তাই নতুন এ গাড়ি ঢাকার রাস্তায় কিছুদিন চলাচলের পর শেখ হাসিনা তা ব্যবহার শুরু করবেন।
বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি-জামাত জোট সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের জন্যে প্রণীত নিরাপত্তা আইন বাতিল করে দেয়। সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্যে নিযুক্ত বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফও (স্পেশাল সিকিউরিটি ফোর্স) প্রত্যাহার করে নেওয়া হয়।
এ পরিস্থিতিতে তার নিরাপত্তার কথা বিবেচনা করে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগ মার্সিডিজ বেঞ্জ’র একটি বুলেট প্রুফ ওয়াগন শেখ হাসিনার জন্যে পাঠায়। এতদিন তিনি এ ওয়াগনটিই ব্যবহার করে আসছেন।
তবে গত বছরের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ওই দিন ট্রাকে নির্মিত মঞ্চ থেকে দ্রুত নেমে গাড়িতে ওঠার মুহূর্তেও সরাসরি তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোঁড়া হয়। এতে তার দেহরক্ষী মাহবুব নিহত হলেও তিনি অল্পের জন্যে প্রাণে রক্ষা পান। অনেকের ধারণা, তার ব্যবহৃত বুলেট প্রুফ গাড়িটিই পরে তাকে বাঁচতে সাহায্য করেছে।
ভয়াবহ ওই ঘটনার পর দীর্ঘদিন গাড়িটি আর ব্যবহৃত হয়নি। পরে তা মেরামত করে আবারও ব্যবহার শুরু করা হয়।
তবে শেখ হাসিনার জীবনের নিরাপত্তার জন্যে আওয়ামী লীগ এখনও উদ্বিগ্ন। ২১ আগস্টের হামলাকারীরা এখনও ধরা পড়েনি। আওয়ামী লীগের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে, সরকার ২১ আগস্টের নৃশংস ওই ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত করছে না। অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।
এদিকে, দলীয় সূত্র জানায়, আগামী দিনে আন্দোলন সংগ্রাম ও সারাদেশে শেখ হাসিনার গণসংযোগ কর্মসূচি আরও বাড়বে বলে আওয়ামী লীগ প্রধানের জন্যে বাড়তি গাড়ির প্রয়োজন হয়ে পড়ে।
