ফরিদপুর ম্যাজিষ্ট্রেট আদালতে বিএনপি’র ৬২ নেতা-কর্মীর নামে মামলা দায়ের
আওয়ামী লীগের দলত্যাগী নেতা কাজী সিরাজের সম্প্রতি ফরিদপুরে নির্বাচনী এলাকা সফরকালে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলার ঘটনায় বিএনপি’র ৬২ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ফরিদপুর ম্যাজিষ্ট্রেট আদালতে আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা নামজমুল হাসান এ মামলা দায়ের করেন।
মামলার পর ৪ নং আমলী আদালতের ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামান বাদীর অভিযোগটি তদন্ত করতে বোয়ালমারী থানায় পাঠিয়েছেন।
মামলার প্রধান আসামী করা হয়েছে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী ফরিদপুর-১ আসনের সাংসদ ও বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামকে। মামলার ২ নং আসামী করা হয়েছে নাসিরুল ইসলামের ভাই এবং বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার নাজিরুল ইসলামকে। বিএনপি’র আলফাডাঙ্গা উপজেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান আব্বাসসহ বোয়ালমারী-আলফাডাঙ্গা উপজেলার মোট ৬২ জনকে আসামী করা হয়।
এর আগে কাজী সিরাজের গাড়ি বহরে হামলার ঘটনায় বোয়ালমারি থানায় আওয়ামী লীগের ৯২ নেতা কর্মীর নামে বিএনপির পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়।
আওয়ামী লীগ সূত্র জানায়, বোয়ালমারী-আলফাডাঙ্গার আওয়ামী লীগ নেতা-কর্মীরা গত রোববার দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং বিএনপি’র দায়েরকৃত মামলার আসামী নেতা-কর্মীরা আগামী শনিবার হাইকোর্টে জামিনের আবেদন করবেন।
