পাট ক্রয়ে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে জাসদ
পাট কলগুলো চালু রাখতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু পাট কেনার জন্য অবিলম্বে বিশেষ বরাদ্দ প্রদানসহ পাট অর্থনীতি রক্ষায় একটি জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছেন।
একই সাথে তিনি যমুনা সেতুর পশ্চিম প্রান্তে কওমী জুট মিল বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ওই জুটমিল সিবিএ’র উদ্যোগে আয়োজিত রাজপথ অবরোধ কর্মসূচিতে পুলিশি হামালার এবং শ্রমিক কর্মচারিদের গ্রেফতার ও নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
মহানগর জাসদের উদ্যোগে সোমবার নগরীর মুক্তাঙ্গণে আয়োজিত এক সমাবেশে ভাষণ দানকালে তিনি একথা বলেন।
দেশব্যাপী জাসদের ‘শ্রমিক বাঁচাও-কারখানা বাঁচাও দিবস’র অংশ হিসেবে মিছিল শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন, জোট সরকার আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশীদার হয়ে বাংলাদেশে পাট শিল্প ও পাট অর্থনীতিকে ধ্বংস করতে উদ্যত হয়েছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাজেটে পাট কেনার জন্য কোনও বরাদ্দ রাখা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
মহানগর জাসদ’র সভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ, কার্যকরী সভাপতি মইনউদ্দিন খান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রমুখ।
