গণবিপ্লব করে এবছরই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে: জনসভায় আ.লীগ নেতৃবৃন্দ
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, বিএনপি-জামাত জোট সরকারের ক্ষমতায় থাকার আর কোনও অধিকার নেই। গণবিপ্লব করে এবছরের মধ্যেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
প্রস্তাবিত বাজেটের বিরুদ্ধে বুধবার বিকেলে ঢাকার ছয়টি স্থানে আয়োজিত জনসভা থেকে তারা এ ঘোষণা দেন।
আওয়ামী লীগ উত্থাপিত বাজেট সংশোধনীর ১৩ দফা না মানায় বৃহস্পতিবার দেশব্যাপী আহূত সকাল-সন্ধ্যা হরতাল সফল করা এবং সরকার পতনের ধারাবাহিক আন্দোলনে অংশগ্রহণের জন্যে তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে অন্তর্কলহ ও দলাদলি বন্ধ করে দল এবং জাতির বৃহত্তর স্বার্থে একযোগে কাজ করার জন্যে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের পরামর্শ দেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জনসভাগুলো অনুষ্ঠিত হয় মিরপুর আউটার স্টেডিয়াম, ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণ, উত্তরা মডেল ডিগ্রী কলেজ মাঠ, মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পিডব্লিউডি মাঠ, লালবাগের আজাদ বালুর মাঠ এবং শ্যামপুরের জুরাইন রেল গেটে।
মিরপুর আউটার স্টেডিয়ামের জনসভায় সভাপতিত্ব করেন সাবেক সাংসদ কামাল আহমেদ মজুমদার। বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আশরাফুন্নেসা মোশাররফ, ইলিয়াস আলী মোল্লা, মকবুল হোসেন, মাইনুল ইসলাম খান নিখিল।
বঙ্গবন্ধু ভবন চত্বরের জনসভায় সভাপতিত্ব করেন ধানমণ্ডি থানা আওয়ামী লীগ সভাপতি কামাল আহমেদ। বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, অ্যাডভোকেট রহমত আলী এমপি, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম এমপি, ড. আব্দুর রাজ্জাক এমপি, অধ্যাপক আবু সাইয়িদ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অধ্যাপিকা নাজমা রহমান, শাহজাহান খান এমপি, পঞ্চানন বিশ্বাস, আলহাজ্ব মকবুল হোসেন, এসএম কামাল হোসেন, অপু উকিল, শেখ বজলুর রহমান, কাজী মোস্তাক এলেন, আব্দুল হক সবুজ এবং শাহে আলম মুরাদ।
মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পিডব্লিউডি মাঠে মতিঝিল সবুজবাগ খিলগাঁও থানা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন গোলাম আশরাফ তালুকদার।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, ইয়াফেস ওসমান, মনির হোসেন, সোহেল শাহরিয়ার।
শ্যামপুর ডেমরা থানা আওয়ামী লীগের উদ্যোগে জুরাইন রেল গেটে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন তোফাজ্জল হোসেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাবিবুর রহমান মোল্লা, অ্যাডভোকেট সানজিদা খানম বক্তব্য রাখেন।
লালবাগের আজাদ বালুর মাঠে আবুল হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুল লতিফ সিদ্দিকী, ওমর আলী, অ্যাডভোকেট কামরুল ইসলাম বক্তব্য রাখেন।
উত্তরার জনসভায় সভাপতিত্ব করেন জালাল উদ্দিন। বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন এবং একেএম রহমত উল্লাহ্ ।
