এসসিবিএ প্রাঙ্গণে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মানব বন্ধন
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (এসএএসপি) বুধবার সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন প্রাঙ্গণে মানব বন্ধন ও সভার আয়োজন করে।
এসএএসপি পৃথক ও স্বাধীন বিচার বিভাগ, সুপ্রিম কোর্টে বিশ্বস্ত, দক্ষ, সৎ এবং অভিজ্ঞ বিচারপতি নিয়োগ, সুপ্রিম কোর্ট, বিচারক ও বিচার বিভাগের ভাবমুর্তি রক্ষা এবং সমাজে আইন ও বিচার কায়েম করার দাবিতে এ মানব বন্ধনের আয়োজন করে।
সভায় এসএএসপি’র আহবায়ক ব্যারিস্টার এম আমির-উল-ইসলাম বলেন, দেশের আইনজীবীরা একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে। সরকার রাজনীতিকিকরণের মাধ্যমে সুপ্রীম কোর্টসহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করছে বলে তিনি অভিয্গো করেন।
বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
ব্যারিস্টার আমির বলেন, সরকার হাইকোর্টের আদেশের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বিলুপ্ত করার ষড়যন্ত্র করছে।
আগামী ৬ জুলাই বিচার দিবস উপলক্ষে এসএএসপির সদস্যরা কালো ব্যাজ ধারন এবং সকল বারের সামনে সভার আয়োজন করবে।
সভায় অন্যান্যের মধ্যে এসসিবিএ সভাপতি মাহবুবে আলম, সাবেক এসসিবিএ সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার এবং এসসিবএ’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওজাইর ফারুক, অ্যাডভোকেট এনায়েতুর রহিম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট এমএ সালাম তালুকদার, অ্যাডভোকেট সৈয়দ আহমদ এবং অ্যাডভোকেট বশির আহম্মদ বক্তব্য রাখেন।
