শাওনের বাবা-মা পুলিশ হেফাজতে
জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সগীর আহমেদ হত্যার চিহিৃত হত্যাকারী শাওনের বাবা-মাকে শনিবার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে সগির হত্যার পর পুলিশের গুলিতে নিহত শাওনের অপর নাম গিয়াসুদ্দিন গেসু (২৪)। সে ইটভাটার শ্রমিক আফতাব উদ্দিন ও আমিরুন্নেছার কনিষ্ট ছেলে। শাওনের বাড়ি কেরাণীগঞ্জ থানার কোনদা ইউনিয়নের ধ্বলেশ্বর গ্রামে।
পুলিশ ইতোমধ্যে সগির হত্যার জড়িত আরও কয়েকজনের নাম খুঁজে পেয়েছে। কোতোয়ালি থানার সংশ্লিষ্ট জমি নিয়ে ঢাকা সিটি করপোরেশনের এক ওয়ার্ড কমিশনারের সঙ্গে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে গোয়েন্দা সূত্র জানায়।
সগির হত্যার ঘটনায় সগিরের ভাই সাজেদ আহমেদ কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করলেও এতে হত্যার সঙ্গে জড়িত কারও নাম উল্লেখ করা হয় নি।
ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) মাহবুবুর রহমান বলেন, অপরাধের সঙ্গে শাওনের যোগাযোগ খতিয়ে দেখতে শাওনের পিতামাতাকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে।
শনিবার রাতে পুলিশ শাওনের মৃতদেহ শনাক্ত করতে শাওনের বাবা-মাকে নিয়ে মিটফোর্ড হাসপাতালের মর্গে যায়। পরে তাদের ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও গোয়েন্দা সংস্থা জানায়, পুরান ঢাকার বিভিন্ন স্থানে এবং কেরাণীগঞ্জে শাওন তার অপরাধ কার্যক্রম পরিচালনা করত। ক্ষমতাসীন দলের এক এমপি’র ছোটভাই মনির শাওনকে ব্যাক আপ দিত বলে অভিযোগ রয়েছে।
অপর এক সূত্র জানায়, শাওনের সঙ্গে তালিকাভুক্ত ডাকাত শহিদ এভং ঢাকা সিটি করপোরেশনের এক ওয়ার্ড কমিশনারের সঙ্গে যোগাযোগ ছিল।
