২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার সারা দেশে আ.লীগের গণ অনাস্থা প্রাচীর, বুধবার ঢাকায় ৮ টি জনসভা, বুহস্পতিবার দেশব্যাপী হরতাল

প্রস্তাবিত বাজেটে ১৩ দফা সংশোধনী মেনে নেয়া ও সরকারের পদত্যাগ দাবিতে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সোমবার ঢাকাসহ সারাদেশে এক ঘন্টার গণ অনাস্থা প্রাচীর কর্মসূচি পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 08:49 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

এ ইস্যুতে আওয়ামী লীগ ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ২৯ জুন বুধবার ঢাকার আটটি নির্বাচনী এলাকায় জনসভা ও ৩০ জুন দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।

ঢাকায় সোমবার বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত অনুষ্ঠেয় গণ অনাস্থা প্রাচীরের রুট হচ্ছে : পল্লবী থেকে মিরপুর হয়ে আসাদ গেট, রাসেল স্কোয়ার, সায়েন্স ল্যাবরেটরি, এলিফ্যান্ট রোড, শাহবাগ, কাকরাইল, বিজয় নগর, পুরানা পল্টন, জিরো পয়েন্ট, গুলিস্তান, মতিঝিল শাপলা চত্বর, টিকাটুলি ও সায়েদাবাদ হয়ে ডেমরা।

কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগর নেতাদের সঙ্গে রোববার সকালে বৈঠক করেন। তারা হরতাল, জনসভা ও গণ অনাস্থা প্রাচীর কর্মসূচির প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বলে বৈঠক সূত্র বিডিনিউজকে জানিয়েছেন।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জনসভার জন্য ৬ টি স্থান চুড়ান্ত করা হয়। এগুলো হচ্ছে : মিরপুর আউটার স্টেডিয়াম, ধানমণ্ডি ৩২ নম্বর রোডের রাসেল স্কোয়ার, উত্তরা আনোয়ারা মডেল হাই স্কুল মাঠ, মতিঝিল আইডিয়াল স্কুল চত্বর, লালবাগের আজাদ মাঠ ও জুরাইন রেল গেট।