বাজেটের ১৩ দফা সংশোধনী মানলে ৩০ জুনের হরতাল হবে না: বিক্ষোভ সমাবেশে আব্দুল জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বলেছেন, প্রস্তাবিত বাজেটের ১৩ দফা সংশোধনী মেনে নেওয়া হলে ৩০ জুনের হরতাল প্রত্যাহার করা হবে। অন্যথায় হরতালসহ ধারাবাহিক আন্দোলন কর্মসূচির মাধ্যমে বিএনপি জামাত জোট সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
বাজেটের প্রতিবাদে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে রোববার বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আব্দুল জলিল আরও বলেন, বিএনপি জামাত জোট আগামীতে তাদের আখের গোছানোর জন্য জাতীয় স্বার্থের পরিপন্থী বাজেট দিয়েছে। জনগণ ও দেশের কল্যাণে এ বাজেট দেওয়া হয়নি। তিনি বলেন, সংসদকে পাশ কাটিয়ে বাজেটের আগেই সকল জিনিসের দাম বাড়িয়ে দিয়ে সরকার শুধু অনৈতিক নয়, বেআইনি কাজ করেছে।
আওয়ামী লীগ উত্থাপিত বাজেট সংশোধনীর ১৩ দফার যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী বছরের প্রতিদিন তার দলের ক্যাডারদের ১ কোটি করে টাকা দেওয়ার জন্য বাজেটে তার নামে ৩৬৫ কোটি টাকা বরাদ্দ রেখেছেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনও সময় আছে, বাজেট সংশোধনীর ১৩ দফা মেনে নিয়ে জাতিকে বাঁচাতে এগিয়ে আসুন।
সমাবেশে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গরিব মারার গণ বিরোধী ও লুটপাটের এ বাজেট বাতিল করতে হবে।
দেশের সার্বিক অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, সরকার দেশ চালাতে সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাই আজ সারাদেশে আওয়াজ উঠেছে-‘ভাত দে কাজ দে, নইলে গদি ছেড়ে দে’।
তিনি বলেন, সারাদেশে সর্বাত্মক গণ আন্দোলন গড়ে তুলে গণ অভ্যুত্থানের মাধ্যমে বিএনপি জামাত জোট সরকারকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, হাজী মোহাম্মদ সেলিম, সুবিদ আলী ভুঁইয়া, কৃষক লীগ সভাপতি ড. মির্জা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র, মহিলা আওয়ামী লীগ সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, যুব মহিলা লীগ সভানেত্রী নাজমা আক্তার, ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার, যুবলীগ নেতা আবুল বাসার, নুরুন্নবী চৌধুরী শাওন, মাইনুল ইসলাম নিখিল বক্তব্য রাখেন।
