জাতীয় পার্টিই ক্ষমতায় যাবে: এরশাদ
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টিই ক্ষমতায় যাবে।
তিনি বলেন, গতবার আমি নির্বাচন করতে না পারায় জাতীয় পার্টি কম আসন পেয়েছে। কিন্তু আগামী নির্বাচনে তার অংশগ্রহণে আসন সংখ্যা অনেক বাড়বে বলে তিনি উল্লেখ করেন।
রংপুরের দর্শনায় তার পল্লী নিবাসে শনিবার সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এরশাদ এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, আগামী নির্বাচনে বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলে জাতীয় পার্টি ৩৩টি আসনের প্রায় সবক’টিতে জয়ী হবে। এছাড়া সিলেট, ময়মনসিংহ, সাতক্ষীরা, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়ার আসনগুলোও তাদের দখলে থাকবে বলে তিনি মনে করেন।
কার সঙ্গে জোট করবেন-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যার সাথে জোট করলে পার্টি ক্ষমতায় যাবে তার সাথেই জোট করব। এক্ষেত্রে ছোট দলগুলোকে নিয়ে জোট করার কথা জানান তিনি। এতে কাদের সিদ্দিকী ও আ.স.ম. আব্দুর রবের দলসহ কয়েকটি ইসলামী দল থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বিএনপির সাথে জোট করবেন কী না, জানতে চাইলে এরশাদ বলেন, আমরা অন্ধকারে ঝাঁপ দিতে পারি না।
অপরদিকে আওয়ামী লীগের সাথে জোট গঠনের ব্যাপারে এরশাদ বলেন, একবার আওয়ামী লীগকে সমর্থন দিয়েছি। তারা ক্ষমতায় গিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার দলকে তিনভাগে বিভক্ত করেছে। তাদের আর বিশ্বাস করি না।
বিদিশা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘তাকে বহিষ্কার করায় দলে কোনও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়নি। এটি আমার ব্যক্তিগত ব্যাপার।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সংসদ সদস্য করিম উদ্দিন ভরসা, মশিউর রহমান রাঙ্গা, জি.এম কাদের, সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হোসেন প্রমুখ।
