নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করবেন মুন্না, প্রধান নির্বাচন কমিশনারের অপসারণও দাবি করেছেন তিনি
নরসিংদী-১ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন মুন্না শনিবার নির্বাচন কমিশনের (ইসি) কাছে অনিয়ম, পক্ষপাতিত্ব এবং নির্বাচনে সরকারের ভোট কারচুপির অভিযোগ দায়ের করবেন।
ঢাকা রিপোটার্স ইউনিটিতে শুক্রবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ ব্যাপারে যদি ইসি কোনও পদক্ষেপ না নেয় তাহলে আমি হাইকোর্টে মামলা দায়ের করবো এবং সরকারের বিরুদ্ধে আন্দোলনে যাব।
সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উপ-নির্বাচনে জোট প্রার্থীর বিজয়ের জন্যে ব্যক্তিগতভাবে এবং প্রশাসনের মাধ্যমে সহযোগিতার জন্যে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) অপসারণের দাবি জানান।
তিনি বলেন, সিইসি তার প্রথম পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। নির্বাচনে অত্যন্ত কম ভোটারের উপস্থিতিতে কীভাবে ৬০ শতাংশ ভোট গ্রহণ সম্পন্ন হলো, তা দেশবাসিকে হতবাক করেছে।
এছাড়াও তিনি নির্বাচনের পূর্ব পরিকল্পিত ফলাফল বাতিল করে নরসিংদী-১ উপ-নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ এবং নির্বাচন কমিশনের সংস্কারের দাবি জানান।
মুন্না আরও বলেন, বুধবারের উপ-নির্বাচনে চার দলীয় জোট প্রার্থীর সমর্থকরা তার সমর্থকদের হুমকি দেওয়ার পাশাপাশি প্রায় সব নির্বাচনী বুথ থেকে তাদের বের করে দেয়।
তিনি বলেন, চার দলীয় জোট প্রার্থীর ক্যাডাররা তাদের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে প্রিজাইডিং অফিসার ও আইন প্রয়োগকারীদের সহায়তায় জাল ভোট প্রদান করেছে।
তিনি অভিযোগ করেন, পুলিশ তার গাড়ির ড্রাইভার নাদের (৩৫)কে নির্বাচনের আগে নির্বাচন কমিশনের অনুমোদিত গাড়ির চাবিসহ আটক করে।
তিনি আরও বলেন, উপ-নির্বাচনে চার দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করা ছাড়া স্থানীয় প্রশাসন কোনও ভূমিকা রাখতে পারবে না, এ ব্যাপারটি তাকে আগেই জানানো হয়েছিল। এমনকি নির্বাচনের পরে জোট প্রার্থীর সমর্থকরা মুন্নার সমর্থক ও তাদের বাড়িঘরেও হামলা করে।
সংবাদ সম্মেলনে শাহাদাত হোসেন মুন্নার স্ত্রী মাহফুজা হোসেন উপস্থিত ছিলেন।
