২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার হতে ইউরোপ প্রবাসীদের প্রতি হাসিনার আহ্বান

বালাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বিএনপি-জামাত জোট সরকারের দুঃশাসন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ইউরোপ প্রবাসী আওয়ামী লীগ নেতা কর্মীদের সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

তিনি শুক্রবার প্যারিসে ফ্রান্স আওয়ামী লীগ শাখা আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে এ কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

শেখ হাসিনা বলেন, সরকারের দুঃশাসন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিপক্ষ ও আওয়ামী লীগ নেতা-কর্মী হত্যা, মানবাধিকার লংঘন, প্রধানমন্ত্রী পরিবার, মন্ত্রী ও সরকারী দলের লোকদের সীমাহীন দুর্নীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আজ ভূলুন্ঠিত। তিনি জোট সরকারের এই অপশাসন থেকে দেশকে বাঁচাতে প্রবাসী বাঙালীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, জোট সরকার দেশ ও জনগণের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকেই বড় করে দেখছে। তারা জনগণের সম্পদ লুটপাটে ব্যস্ত। বিগত তিন বছর ৮ মাসের শাসনামলে তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে তারা সংসদে বাজেট পাশ করতে যাচ্ছে। এ বাজেট জনগণের কোনও উপকারে আসবে না বরং দুর্নীতিকে উৎসাহিত করবে।

সমাবেশে শেখ ফজলুল করিম সেলিম বলেন, জোট সরকার দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুরো একে একে ধ্বংস করে দিচ্ছে। তারা প্রশাসনসহ সবকিছু দলীয়করণ করছে। ফ্যাসিষ্ট মৌলবাদী এ সরকারকে আন্দোলনের মাধ্যমে উৎখাত করতে হবে।

সৈয়দ আবুল হোসেন বলেন, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ভিন্ন মত, আদর্শ থাকে, কিন্তু জোট সরকার ভিন্ন মতাদর্শ সহ্য করতে পারে না।

এর আগে শেখ হাসিনা ফ্রান্সের ষ্ট্রাসবার্গে ইউরোপীয় কাউন্সিলের পার্লামেন্টারী এ্যাসেম্বলী আয়োজিত চারদিন ব্যপী সম্মেলন শেষে শুক্রবার সকালে প্যারিসে পৌছান। জার্মান, ফ্রান্স, লণ্ডন, অস্ট্রিয়াসহ সর্বইউরোপীয় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ শেখ হাসিনাকে প্যারিস বিমানবন্দরে স্বাগত জানান। তিনি অপেক্ষমান প্রবাসী আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে ষ্ট্রাসবার্গে ইউরোপীয় কাউন্সিলের পার্লামেন্টারী এ্যাসেম্বলী আয়োজিত সম্মেলনের সাফল্য সংক্ষিপ্তভাবে তুলে ধরেন।

শেখ হাসিনা এসোসিয়েশন অব এশিয়ান পার্লামেন্ট ফর পিস (এএপিপি) কে এখনই এশিয়ান পার্লামেন্টারী এ্যাসেম্বলীতে (এপিএ) পরিণত না করার জন্য এএপিপি’র সিনিয়র এ্যাডভাইজরী কাউন্সিলের সভায় প্রস্তাব রাখেন।

তিনি পার্লামেন্টারী এ্যাসেম্বলী অব দ্য কাউন্সিল অব ইউরোপ(পিএসিই)র মতোই এএপিপি’র কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন। এএপিপি’র সিনিয়র এ্যাডভাইজরী কাউন্সিলের সভায় শেখ হাসিনার প্রস্তাবটি গৃহীত হয়।

শেখ হাসিনা শনিবার মস্কোর উদ্দেশ্যে প্যারিস ত্যাগ করবেন।