২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ ৩০ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ৩০ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এ কর্মসূচি ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 06:59 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সংবাদ সম্মেলনে জানানো হয়, আওয়ামী লীগ ২০০৫-২০০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুনির্দিষ্ট ১৩ দফা সংশোধনী দাবি করেছে। দাবি মানার জন্যে সরকারকে ২৯ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

হরতাল ছাড়াও বাজেটের বিরুদ্ধে ২৬ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ, ২৭ জুন ঢাকাসহ দেশের সকল জেলায় গণঅনাস্থা প্রাচীর এবং ২৯ জুন ঢাকার আটটি নির্বাচনী এলাকায় জনসভা কর্মসূচি পালন করা হবে।

এর আগে সকালে একই স্থানে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের (ওয়ার্কিং কমিটি) জরুরি সভা অনুষ্ঠিত হয়। দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এমপি সভায় সভাপতিত্ব করেন।

বাজেটে আওয়ামী লীগের ১৩ দফা সংশোধনীর মধ্যে রয়েছে-লবন, গুড়া দুধ, ডিজেল, কেরোসিনসহ নিত্য ব্যবহার্য দ্রব্যের ওপর ১৯ শতাংশ ভ্যাট বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার, সফটওয়্যার রপ্তানী, সিম কার্ড ও যন্ত্রাংশের ওপর আরোপিত কর প্রত্যাহার, কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি, কালো টাকা সাদা করার প্রস্তাব প্রত্যাহার, অনুৎপাদনশীল খাতে বরাদ্দ কমিয়ে উৎপাদনশীল উন্নয়ন খাতে বরাদ্দ বৃদ্ধি।

এছাড়া, দলীয়করণ ও দুর্নীতি বন্ধ করে প্রধানমন্ত্রীর তহবিলের ৩৬৫ কোটি টাকাসহ রাজস্ব খাতে ১,২২৭ কোটি টাকা থোক বরাদ্দ প্রত্যাহার, গ্রাম সরকার ও স্থানীয় সরকারের নামে বরাদ্দকৃত মোট আট শ’ কোটি টাকার থোক বরাদ্দ ইউপি, পৌরসভা ও সিটি করপোরেশকে প্রদান, প্রগতিশীল হারে ট্যাক্স পুননির্ধারণ, মাঝারি ও ক্ষুদ্র শিল্পকে রেয়াতি সুযোগ প্রদান এবং রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা।

সংবাদ সম্মেলনে গত বছরের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনার জন্যে জোট সরকারকে আবারও দায়ি করা হয়। আওয়ামী লীগ নৃশংস ওই ঘটনায় সরকারের প্রভাব ও নিয়ন্ত্রণমুক্ত একটি স্বচ্ছ, পূর্ণাঙ্গ ও প্রকৃত আন্তর্জাতিক তদন্ত দাবি করে।

আব্দুল জলিল বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার তদন্ত দীর্ঘ নয় মাস হিমাগারে থাকার পর যখন দেশ বিদেশে সুষ্ঠু তদন্তের দাবি ক্রমশ জোরালো হচ্ছে, তখন সরকার পুরনো কায়দায় প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু করেছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ সরকারি দলের নেতা ও মন্ত্রী-এমপিদের বক্তব্য, আচরণ ও মানসিকতা এটাই প্রমাণ করেছে, তারা ওই ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা আড়াল এবং জোটের গডফাদারদের রক্ষা করতে আওয়ামী লীগের কাঁধে দোষ চাপানোর প্লট তৈরী করেছে। আর পুরস্কার ঘোষিত চিহ্নিত সন্ত্রাসী আরমানকে গ্রেফতারের পর বুলেট প্রুফ জ্যাকেট পরানোর নাটক ও তাকে দিয়ে আওয়ামী লীগ নেতাদের জড়িয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা এই ব্লুপ্রিন্টেরই অংশ।

তিনি আরও বলেন, সরকার এফবিআই ও ইন্টারপোলের সুনাম ব্যবহার করে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, সাবের হোসেন চৌধুরী, মোহাম্মদ নাসিম, অধ্যাপিকা নাজমা রহমান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন উপস্থিত ছিলেন।