২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী উপ নির্বাচনের পর স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলায় আহত ৩০, শতাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট

২২ জুন অনুষ্ঠিত নরসিংদী-১ আসনের উপ নির্বাচনে চার দলীয় জোট প্রার্থী খায়রুল কবীর খোকন জয় লাভের পর তার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থী শাহাদাত হোসেন মুন্নার কমপক্ষে ৩০ জন সমর্থক আহত হয়েছে। এছাড়াও তারা মুন্নার সমর্থকদের বাড়িঘরও লুট করেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2005, 06:04 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারিরা নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না বলে স্বতন্ত্র প্রার্থী মুন্না এক লিখিত অভিযোগে জানিয়েছেন।

নির্বাচনের পর চরাঞ্চল ঘুরে জানা যায়, জোট সমর্থক জেলা সদর উপকূলে হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম পাওয়ারলুম ফ্যাক্টরি ও বিভিন্ন কলকারখানায় কর্মরত চরাঞ্চলের শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা প্রদান করে। ওই সকল শ্রমিকের অপরাধ তারা স্বতন্ত্র প্রার্থী মুন্নার দেওয়াল ঘড়ি মার্কায় ভোট দিয়েছে। এ সময়ে তাদের হাতে মুন্নার দুই সমর্থক মোঃ মহসীন (৩৮) ও মামুন (৩৫) গুরুতর আহত হয়। পরবর্তীতে তারা হাজীপুরের নাজমুল হোসেন ও বিল্লাল মিয়ার বাড়িঘর লুটপাট করে এবং তাদেরকে এলাকা ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেয়।

অন্যদিকে জোট প্রার্থীর ক্যাডাররা নরসিংদী পৌরসভার সাবেক কমিশনার হুমায়ুন আহমেদের বাড়িতে চড়াও হয়ে হমায়ুন (৩৮) এবং তার ছোট ভাই ইকবাল হোসেনের (৩২) উপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হলে তাদের প্রথমে নরসিংদী ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের হামলায় অলোকবালী ইউনিয়নের মোঃ মনির হোসেনও (৪০) মারাত্মক আহত হয়। তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়াও জোট সমর্থকরা চরাঞ্চলের ৪ টি ইউনিয়ন করিমপুর, নজরপুর, আলোকবালী ও চরদিঘলদী এলাকায় ব্যাপক সন্ত্রাস চালাচ্ছে। তারা দিলাপুর গ্রামের ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, শাহানশাহ শাহীন এবং পাইকার চর ইউনিয়নের মোঃ মুকুল মিয়ার বাড়িসহ প্রায় আট থেকে ১০ টি বাড়িতে হামলা চালায় ও লুটপাট করে। আলোকবালী ইউনিয়নে নির্বাচনের পর দুপুরে মাইকে ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থী ম্ন্নুার সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ধান, চাল, গরু, ছাগল, ভেড়া, এমনকি ক্ষেতের ধান কেটে নিয়ে আসে। জোট প্রার্থীর জয়লাভের পর বিভিন্ন স্থানে সমর্থিতদের অব্যাহত হামলার কারণে আতংকিত হয়ে অনেকে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।

এদিকে টেলিফোনে স্বতন্ত্র প্রার্থী শাহাদত হোসেন মুন্না ও তার মেয়েকে মেরে ফেলার হুমকি এবং স্ত্রী মাহফুজা হোসেনকে এসিড নিক্ষেপের হুমকি দেয়া হয়েছে বলে মুন্না এক লিখিত অভিযোগে জানান। এছাড়াও তিনি জানান, বুধবার রাতে ফলাফল ঘোষনার পর তার সমর্থকদের ওপর জোট সমর্থকরা গুলি ছোড়লে শাহান সিকদারসহ অনেকে আহত হন। চর এলাকায় শাহাআলম চৌধুরীর নেতৃত্বে হামলা চালিয়ে এক কর্মীকে গুরুতর আহত করেছে। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মুন্না আরো বলেন, তার নিশ্চিত বিজয়কে জোট সরকার স্থানীয় প্রশাসনের সহােযাগিতায় ছিনিয়ে নিয়েছে। এ নিয়ে নরসিংদী শহরবাসী উত্তেজিত। তিনি যখনই তাদের শান্ত করতে যাচ্ছেন, তখন জোট সমর্থকরা হামলা চালাচ্ছে।

এ ব্যাপারে তিনি ফোনে জেলা পুলিশ সুপারকে জানিয়েছেন, কিন্তু পুলিশ সুপার কোন কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেননি। উপরন্ত তার কর্মী সমর্থকদের গ্রেফতারের হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন ।

পুলিশ সুপার বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা হওয়ার কারণে কেউ মামলা দিচ্ছে না। তাই কোন কার্যকরী কোনও ব্যবস্থা নেয়া যাচ্ছে না।