২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি জামাত জোট সরকারের পতন ঘটিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে বৃহস্পতিবার আওয়ামী লীগ ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 07:03 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

এ উপলক্ষে আওয়ামী লীগ ঢাকায় বিশাল বর্ণাঢ্য গণ মিছিল বের করে। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবন চত্বরে গিয়ে শেষ হয়। দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি মিছিলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

মিছিলে অংশগ্রহণকারীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতি সংবলিত পোষ্টার, আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা, বিভিন্ন শ্লোগান অংকিত ব্যানার, রঙবেরঙের ফেস্টুন, প্ল্যাকার্ড বহন করে। ঢাক, ঢোল, বাদ্য, বাজনার তালে তালে গণ মিছিল এগিয়ে যায় ।

গণ মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে আব্দুল জলিল ছাড়াও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ ও ঢাকা মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন চেšধুরী মায়া বক্তব্য রাখেন।

এসময় মতিয়া চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, আসাদুজ্জামান নূর এমপি, অধ্যাপিকা নাজমা রহমান, হাজী মোহাম্মদ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম এমপি, আফম বাহাউদ্দিন নাসিম, লিয়াকত সিকদারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

আমির হোসেন আমু তার বক্তব্যে বিএনপি জামাত জোট সরকারের অত্যাচার নির্যাতন ও মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, জোট দু:শাসনের পতন ঘটিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই হোক আজকের দিনের অঙ্গীকার।

আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে বলেন, প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ দীর্ঘ সময় ধরে বাংলার মানুষের মুক্তির জন্য আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি জামাত জোট দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। জোট দু:শাসনের কারণে আজ বাংলাদেশকে একটি অকার্যকর দেশ বলা হয়। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আরেকবার গর্জে উঠে অত্যাচারি ব্যর্থ জোটের পতন ঘটাই।

আব্দুল জলিল জোট সরকারের কবল থেকে দেশের মানুষকে মুক্ত করতে আওয়ামী লীগ নেতা কর্মীসহ মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

দিবসটি উদযাপন উপলক্ষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল জলিলের নেতৃত্বে দলের নেতা কর্মীরা বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকেও অর্পণ করা হয় পুষ্পাঞ্জলি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এছাড়া দিবসটি উপলক্ষে সারাদেশে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, সেমিনার, মিছিল সমাবেশ এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ২৫ জুন শনিবার বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।