২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ আগস্টের গ্রেনেড হামলায় আওয়ামী লীগকে জড়ানোর নতুন ফাঁদ পেতেছে সরকার: বিক্ষোভ সমাবেশে বক্তারা

আওয়ামী লীগ নেতৃবৃন্দ ২১ আগস্টের গ্রেনেড হামলার জন্যে আবারও সরকারকে দায়ি করে বলেছেন, নৃশংস ওই ঘটনার সকল আলামত নষ্ট করে দিয়ে সরকার এখন নতুন করে নাটক সাজানোর ষড়যন্ত্র করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 08:31 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

গত বছরের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মঙ্গলবার আওয়ামী যুবলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এ কথা বলেন।

তারা বলেন, ঘটনার পর এফবিআই এবং ইন্টারপোলকে তদন্ত কাজে সরকার সহযোগিতা করেনি। অথচ আন্তর্জাতিক চাপে পড়ে এখন ইন্টারপোলকে ডেকে তদন্তের নামে আওয়ামী লীগকে জড়ানোর নতুন ফাঁদ পেতেছে সরকার।

সমাবেশে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকে যেভাবে সপরিবারে হত্যা করা হয়েছিল, তেমনিভাবে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতৃত্বকে নিশ্চিহ্ন করতে ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এ ঘটনার জন্যে সরকারকে দায়ি করে তিনি বলেন, আসল খুনিরা ধরা পড়ে যাবে বলে সরকার এর সুষ্ঠু তদন্ত করেনি।

আব্দুর রাজ্জাক এমপি বলেন, বিএনপি জামাত জোট সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায়। এ কারণে ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে বেগম খালেদা জিয়া নিশ্চিন্তে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করেছিলেন।

তিনি বলেন, সরকার বয়স বাড়িয়ে যে বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করতে চান, বিএনপির ওই সাবেক নেতার অধীনে নির্বাচন করা আর বেগম খালেদা জিয়ার অধীনে করা একই কথা। তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, সরকার এ দাবি না মানলে বাংলার মানুষ জানে কীভাবে দাবি আদায় করতে হয়।

বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক।

এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের, আব্দুল লতিফ সিদ্দিকী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মির্জা আজম এমপি, হাজী মোহাম্মদ সেলিম, অ্যাডভোকেট সাহারা খাতুন, লিয়াকত সিকদার, নুরুন্নবী চৌধুরী শাওন এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত মোস্তাক আহমেদ সেন্টুর বড় ভাই মোস্তাফিজুর রহমান নিলু ।