ব্রাহ্মণবাড়িয়ার ওমরাও খান মুক্তমঞ্চ ভেঙ্গে ফেলা হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার কে বা কারা ভেঙ্গে ফেলেছে ছাত্রলীগ নেতার স্মৃতি রক্ষার্থে নির্মিত ‘ওমরাও মুক্ত মঞ্চ’।
স্থানীয়দের অভিযোগ, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার জনসভার জায়গা বাড়াতে মঞ্চটি ভেঙ্গে ফেলা হয়।
কয়েকটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন এবং স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদানের লক্ষ্যে মন্ত্রী শনিবার জেলার কসবা উপজেলায় আসবেন।
জানা যায়, কসবা উপজেলার ছাত্রলীগ সভাপতি ওমরাও খান ওমর ১৯৯৯ সালের ২৫ অক্টোবর স্থানীয় ছাত্রদল ক্যাডারদের হামলায় নিহত হয়। এরপর পৌরসভার অর্থায়নে ২০০০ সালে স্থানীয় সুপার মার্কেটে ‘শহীদ ওমরাও খান ওমর মুক্ত মঞ্চ’ নির্মিত হয়। কসবার সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর অনুষ্ঠান এই মঞ্চেই অনুষ্ঠিত হয়। কিন্তু মান্নান ভূঁইয়ার সমাবেশ বড় করার অজুহাত দেখিয়ে এ মঞ্চ ভেঙ্গে ফেলা হয়।
কসবা পৌরসভার প্রশাসক রফিকুল হক ভূঁইয়া বিডিনিউজকে জানান, মঞ্চ ভাঙ্গার ব্যাপারে পৌরসভা কিছু জানে না ।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমুহ তীব্র নিন্দা,ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
