মুন্সিগঞ্জে মাহী চৌধুরীর সমাবেশে প্রশাসন ও বিএনপি’র বাধা, পাল্টাপাল্টি সমাবেশ
জেলার সিরাজদিখান উপজেলায় বুধবার বিকল্প ধারার পূর্ব নির্ধারিত সমাবেশ ঠেকাতে বিএনপি ও প্রশাসন ব্যাপক উদ্যোগ নেয়।
সভাস্থলে ১৪৪ ধারা জারীসহ ৮ কি.মি দূরে নিমতলা চৌরাস্তায় মাহী বি চৌধুরীর মিছিলে বাধা দেওয়া হয়। বাধা পেয়ে সেখানেই সমাবেশের সিদ্ধান্ত নিয়ে একটি ট্রাকে তৈরি করা মঞ্চ থেকে মাহী চৌধুরীসহ দলের নেতারা বক্তব্য রাখতে শুরু করেন।
বিকল্প ধারার এই বিকল্প আয়োজন দেখে স্থানীয় বিএনপি নেতা কর্মীরাও পুলিশের প্রহরায় দ্রুত মাইকের ব্যবস্থা করে অপর একটি সমাবেশ শুরু করে।
এ সময় বিএনপি সমাবেশ থেকে আপত্তিকর ও উস্কানীমূলক বক্তব্য দেওয়া হতে থাকে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাবেশ দু’টি শেষ হয়।
সমাবেশ শেষে মাহি বি চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা চৌরাস্তা হয়ে পশ্চিম দিকের শেখের নগর সড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে নিমতলার দক্ষিণ প্রান্তে গিয়ে শেষ হয়।
