দুদ মিয়ার চেহলামে হামলার ঘটনায় মামলা করবে পরিবার
সম্প্রতি র্যাবের হাতে নিহত মেঘনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাজী মফিজুল ইসলাম দুদ মিয়ার চেহলাম পণ্ড হয়ে যাওয়ার ঘটনায় নিহতের পরিবার আদালত মামলা করবে।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে দুদ মিয়ার বিধবা স্ত্রী বেগম কাওসারী ইসলাম বলেন, হাইকোর্ট আমার পরিবারকে কোনও প্রকার হয়রানি বা গ্রেফতার না করার জন্যে একটি রুল জারি করা সত্ত্বেও আমরা প্রতিনিয়ত আতঙ্কে ভুগছি। স্থানীয় এমপির ক্যাডাররা আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। এ অবস্থায় আমি আমার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ প্রেক্ষিতে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিসহ সংশ্লিষ্টদের প্রতি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
কাওসারী তার লিখিত বক্তব্যে দুদ মিয়ার চেহলাম অনুষ্ঠানে লজ্জাজনক এবং পরিকল্পিত হামলার নিন্দা জানান। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মঙ্গলবার ঢাকা সিটি করপোরেশন থেকে ভাড়া নেওয়া লালবাগের শায়েস্তা খান কল্যাণ কেন্দ্রে আয়োজিত দুদ মিয়ার চেহলাম অনুষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের চিহ্নিত ক্যাডাররা সশস্ত্র হামলা চালায় বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ৬৫ নং ওয়ার্ড কমিশনার বাবুলের ভাই শরিফ, যুবদল নেতা রফিক এবং লালবাগ থানা ছাত্রদলের সভাপতি সাঈদ হাসান মিন্টুর নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ২০ থেকে ২৫ জন ক্যাডার মঙ্গলবার দুদ মিয়ার চেহলামের জন্যে রাখা চাল, ডাল, মশলা, মাংসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী লুট করে নিয়ে যায় এবং বাবুর্চিসহ অন্য কর্মীদের মারধোর করে।
তিনি অভিযোগ করেন, স্থানীয় এমপি পিন্টুর সরাসরি নির্দেশেই এ ঘটনা ঘটেছে এবং স্থানীয় থানা এ ব্যাপারে কোনও মামলা নিতেও অনীহা প্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চেহলামের জন্যে কাওসারি ইসলামের নামে ভাড়া নেওয়া মিলনায়তনে স্থানীয় সাংসদ জোর করে দলীয় লোকজন নিয়ে বুধবার দিনভর সভা করেছেন।
সংবাদ সম্মেলনে দুদ মিয়ার বৃদ্ধ পিতা আজিম উদ্দিন, মা হালিমুন্নেসা, মেয়ে সীমা নুর, বিউটি, ছেলে জনি এবং আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
