২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের যোগদান ছাড়াই বাজেট অধিবেশন শুরু, বৃহস্পতিবার বাজেট পেশ

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের যোগদান ছাড়াই মঙ্গলবার ৮ম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশনে বৃহস্পতিবার আগামী ২০০৫-০৬ অর্থবছরের বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের এটি হতে যাচ্ছে রেকর্ডসংখ্যক ১১তম বাজেট পেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

মঙ্গলবার বিকেলে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে চলতি বাজেট অধিবেশনে ২৩টি কর্মদিবস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ জুলাই সংসদের চলতি অধিবেশন শেষ হবে। ২৯ জুন নতুন বছরের জন্য প্রস্তাবিত বাজেট পাস করা হবে।

মঙ্গলবার অধিবেশনের উদ্বোধনী দিনে নির্ধারিত সময়ের দুই মিনিট আগেই বিকেল ৫টা ১৩ মিনিটে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতেই স্পিকার পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন, অ্যাডভোকেট হারুন অর রশীদ, আব্দুস সোবহান, জয়নাল আবেদীন ফারুক, অধ্যাপক এম আমানুল্লাহ ও হাফিজউদ্দিন আহমেদ।

পরে স্পিকার সাবেক সাংসদ এম শামসুল হক, অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুর রহীম, আমজাদ হোসেন অ্যাডভোকেট, লক্ষ্মীকান্ত বল এবং কঙ্গোতে নিহত সৈনিক নূর মোহাম্মদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপণ করেন। শোক প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহিত হয়। পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

বৈঠকে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ইস্যুভিত্তিক, বাণিজ্যিক হিসাব, স্থানীয় ও রাজস্ব হিসাব, পূর্ত হিসাব, দূতাবাস হিসাব, বাংলাদেশ সরকারের হিসাব, উপযোজন এবং আর্থিক হিসাব সম্পর্কিত রিপোর্ট উপস্থাপন করেন।

প্রশ্নোত্তর ও দৃষ্টি আকর্ষণী নোটিশের বিষয়ে আলোচনা শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী পয়েন্ট অব অর্ডারে দাড়িয়ে আরিচার লঞ্চডুবিতে লাশ উদ্ধারে ব্যর্থতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও ক্যাডারদের হামলার বিষয়টি উত্থাপন করেন। তার পয়েন্ট অব অর্ডার শেষে স্পিকার আরও পয়েন্ট অব অর্ডার আহ্বান করলে সংসদে হাস্যরসের সৃষ্টি হয়। মন্ত্রীরা তার পয়েন্ট অব অর্ডার আহ্বান বিধিসম্মত কিনা, তা নিয়ে প্রশ্ন তুললে স্পিকার ৩১৬ বিধিতে তার ক্ষমতাবলে আহ্বান করতে পারেন বলে জানান।

এ সময় কৃষি মন্ত্রী এমকে আনোয়ার, আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়াও পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখার সুযোগ নেন।

স্থানীয় সরকার মন্ত্রী মান্নান ভূঁইয়া তার ৩০০ বিধির বিবৃতিও এই সুযোগে সংসদে উপস্থাপন করেন।

অধিবেশন আগামী বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত মূলতবি করা হয়েছে।

এদিকে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সংসদের চলতি অধিবেশনের কার্য দিবস হবে ২৩ দিন। প্রতিদিন সংসদ অধিবেশন শুরু হবে বিকাল সাড়ে ৫ টায়। ৭ জুন মঙ্গলবার অষ্টম জাতীয় সংসদের ১৭ তম অধিবেশন শুরুর পর ৮ জুন বুধবার অধিবেশন বন্ধ থাকবে। ৯ জুন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ২০০৫-২০০৬ অর্থ বছরের বাজেট উপস্থাপন হবে।

১২ ও ১৩ জুন (রবি ও সোমবার) অনুষ্ঠিত হবে সম্পূরক (২০০৪-২০০৫) বাজেটের ওপর আলোচনা। ১৪ জুন (মঙ্গলবার) ২০০৪-২০০৫ অর্থ বছরের সম্পূরক বাজেট পাশ হবে। ২০০৫-২০০৬ সালের অর্থ বিল পাশ হবে ২৯ জুন। ৩০ জুন পাশ করা হবে ২০০৫-২০০৬ অর্থ বছরের এপ্রোপ্রিয়েশন বিল। প্রতি সপ্তাহে শুক্রবার ও শনিবার সংসদের অধিবেশন বন্ধ থাকবে। ১০ জুলাই সংসদের ১৭ তম অধিবেশন শেষ হবে।