২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ চীনে বাজার পাবে: লিউ পিংয়ের আশাবাদ

চীনে বাংলাদেশের বাজার প্রাপ্তির প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন ইউনান প্রদেশের উপ গভর্ণর লিউ পিং। করমুক্ত বাংলাদেশের নিটওয়ার পণ্যসামগ্রীর বাজার প্রাপ্তি ক্ষেত্রে সহায়তা বাড়ানো কথা জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক

সাজ্জাদুর রহমান,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 07:36 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

লিউ বলেন, চীন বিশ্বের সবচেয়ে বড় ভোগপণ্যের বাজার। চীনা ভোক্তারা বিভিন্ন স্টাইলের পণ্যে আকৃষ্ট হয়।

চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত আশফাকুর রহমান এবং সফররত বাংলাদেশ নিটওয়্যার উৎপাদন ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) প্রেসিডেন্ট ফজলুল হক মঙ্গলবার লিউ পিং এর সঙ্গে ইউনানের গভর্ণর হাউসে সাক্ষাৎ করলে তিনি একথা বলেন।

বিকিএমইএ’র প্রস্তাবিত বাংলাদেশের নিটওয়ার পণ্যসামগ্রীর সঙ্গে ৮৩টি টেক্সটাইল পণ্যের করমুক্ত বাজার সুবিধা প্রসঙ্গে ইউনান প্রদেশের উপ গভর্ণর বলেন, আমি এ প্রস্তাবনা সমর্থন করি।

এ সময়ে বাংলাদেশের রাষ্ট্রদূত অগ্রাধিকার ভিত্তিতে চীনের সঙ্গে সড়ক নির্মান সম্পন্ন করার ব্যাপারে তার সমর্থন চায়। এ প্রসঙ্গে উপ গভর্ণর বলেন, আমি দ্রুত কেন্দ্রীয় সরকারের সঙ্গে কুনমিং-ঢাকা সড়ক নির্মাণ নিয়ে আলোচনা করব।

আশফাকুর রহমান লিউ পিংকে বলেন, ঢাকা থেকে সড়ক যোগে কুনমিংয়ে দুই দিনে পৌঁছানো যাবে।

রাষ্ট্রদূত আরো বলেন, ১ হাজার ৭০০ কিলোমিটারের এই সড়ক নির্মাণ সম্পন্ন হলে, দু দেশের মধ্যে কয়েক কোটি ডলার বাণিজ্য সম্প্রসারণ ঘটবে।

তিনি লিউ পিংকে জানান, চীন তার পশ্চিম প্রদেশের পণ্য আমদানি ও রপ্তানির জন্য এ সড়কের মাধ্যমে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারবে। এই সড়ক একই সঙ্গে মায়ানমার ও লাওসের নিকটবর্তী।

বাংলাদেশের প্রস্তাবনা অনুসারে ইতোমধ্যে বাংলাদেশ, চীন, ভারত ও মায়ানমার নিয়ে বিসিআইএম নামের একটি অর্থনৈতিক গ্রুপ গঠনের ব্যাপারে গভর্ণর দ্রুত কেন্দ্রীয় সরকারকে জানাবেন বলে উল্লেখ করেন।

এ সময়ে তিনি বাংলাদেশের প্রতিনিধি দলের উদ্দেশ্যে বলেন, উভয় দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাণিজ্য বাড়ানো সম্ভব। পর্যটন ও বাণিজ্য মেলা পারস্পরিক সমঝোতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

লিউ পিং আরো বলেন, ইউনান প্রদেশের ব্যবসায়ীরাও বাংলাদেশে বাণিজ্য মেলায় অংশগ্রহন করতে পারেন।