সংস্কার প্রস্তাব ও সরকার বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলন নিয়ে জলিল-ড. কামাল বৈঠক
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি রোববার রাতে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠক করেন।
ড. কামালের মতিঝিলের অফিসে প্রায় এক ঘন্টার এ বৈঠকে নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার, সরকার বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে আব্দুল জলিল বিডিনিউজকে বলেন, আমাদের সংস্কার প্রস্তাবটি আগামী তিন চার দিনের মধ্যেই চূড়ান্ত করবো। আর এ নিয়ে আমরা সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করছি। এরই অংশ হিসেবে ড. কামাল হোসেনের সঙ্গে কথা বললাম। এছাড়াও সার্বিক রাজনৈতিক বিষয় নিয়ে আমাদের কথা হয়েছে।
ড. কামাল হোসেন বিডিনিউজকে বলেন, নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার বিষয়ে আমরা প্রস্তাবনা তৈরি করেছি। আওয়ামী লীগসহ অন্যান্য দলও পৃথকভাবে প্রস্তাবনা তৈরি করছে। সমন্বিতভাবে এই প্রস্তাবনা চূড়ান্ত করতে অমাদের মধ্যে ধারাবাহিক আলোচনা চলবে।
তিনি বলেন, আমি কাল (সোমবার) দেশের বাইরে যাচ্ছি। তাই আগেই আমরা এ সকল বিষয়ে আলোচনা করলাম।
