২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণের ভয়ে দিশেহারা হয়ে সরকার হামলা মামলা ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে: শেখ হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোট সরকার জনগণের ভয়ে দিশেহারা হয়ে হামলা, মামলা ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। জনগণ জোটের এই সন্ত্রাস ও অপকর্মের জবাব দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2005, 05:51 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

রোববার এক বিবৃতিতে শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, শনিবার বগুড়ার সারিয়াকান্দিতে আওয়ামী লীগের জনসভায় যোগ দেওয়ার পথে নেতা কর্মীদের ওপর বিএনপি ক্যাডাররা সশস্ত্র হামলা ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এছাড়া দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানসহ নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

বগুড়ায় প্রধানমন্ত্রী পুত্রের আশ্রিত সন্ত্রাসীরা ওপর মহলের নির্দেশে এই হামলা চালায় বলে শেখ হাসিনা অভিযোগ করেন।

তিনি বলেন, জোট সরকারের ‘বিরোধী দল দমন অভিযানের’ অংশ হিসেবে আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত জনসভা স্থলে ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু পরিবর্তিত স্থানে জনসভায় আসার পথে সরকারি দলের সন্ত্রাসীরা হামলা চালিয়ে আওয়ামী লীগের ১০ জন নেতা কর্মীকে মারাত্মক আহত করে। অথচ পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে আওয়ামী লীগের পাঁচ জন নেতাকে গ্রেফতার ও শতাধিক নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করে।