বরিশাল মেডিকেল কলেজে শিবিরের ওপর ছাত্রদলের হামলা: ৩০টি কক্ষ ভাংচুর, লুটপাট
ছাত্রাবাসের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বরিশাল মেডিকেল কলেজে শুক্রবার মধ্যরাতে ইসলামি ছাত্র শিবিরের ওপর হামলা চালিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। হামলা চলাকালে কমপক্ষে ৩০টি কক্ষে ভাংচুর ও লুটপাট চালানো হয়।
সূত্র জানায়, শুক্রবার মধ্যরাত ১২টা ৩০ মিনিটের দিকে মেডিকেল কলেজের হাবিবুর রহমান হলের ইসলামি ছাত্র শিবিরের সদস্যরা যখন হল ডাইনিং-এ খাবারের মান নিয়ে সভা করছিল তখন ছাত্রদল বরিশাল মেডিকেল কলেজ শাখার সভাপতি বাবর আলী সেখানে এসে উপস্থিত হয়ে তাদের চলে যেতে বললে উভয়পক্ষে বাক-বিতন্ডা হয়।
পরে ১নং ও ৩নং হলের ছাত্রদল ক্যাডাররা জড়ো হয়ে বাবর আলীর নেতৃত্বে হাবিবুর রহমান হল আক্রমণ করে এবং ৩০টি কক্ষে ভাংচুর ও লুটপাট চালায়।
হামলার খবর পেয়ে কলেজ অধ্যক্ষ গোলাম মাহমুদ সেলিম এবং পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।
ভাংচুর শুরু হলে অনেক ছাত্র ভয়ে হল ছেড়ে চলে যায়। অভিযোগ রয়েছে, হামলার সময় তাদের অনেকের মোবাইল ফোন খোয়া গেছে।
হামলায় ছাত্রদের আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।
হোস্টেলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
দলীয় সুত্রে জানা যায়, জোট সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত শেরেবাংলা মেডিকেল কলেজ ছাত্র সংসদের তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রথমটিতে ছাত্রদল ও শিবির জোট পুরো প্যানেলে বিজয়ী হয়। পরের নির্বাচনে শিবির বয়কট করে এবং গত ৫ এপ্রিল নির্বাচনে শিবির ও ছাত্রদল আলাদাভাবে তাদের প্যানেল দেয়। বর্তমানে তিনটি হলের দুটি ছাত্রদলের এবং অপর একটি ছাত্রাবাসের ৫৩টি কক্ষের মধ্যে ৩০ টি ছাত্র শিবিরের ও ২৩ টি ছাত্রদলের নিয়ন্ত্রণে রয়েছে।
ছাত্রদল নেতা বাবর শিবিরের রুমগুলো নিয়ন্ত্রণে নেয়ার জন্য এই হামলা চালিয়েছে বলে সুত্র জানায়।
