২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদিশার ওপর নজরদারি, ক্লিনিকে পুলিশ মোতায়েন

বিদিশা এরশাদের ওপর নজরদারি নিশ্চিত করতে ঢাকার গুলশানের জেডএইচ সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 08:44 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

জাতীয় পার্টি থেকে সদ্য বহিস্কৃত ও দলের চেয়ারম্যান এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশার ক্লিনিকে শুক্রবার সন্ধ্যার পর অন্তত ১০ জন পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ জানায়, বিদিশাকে নজরদারি করতে সেখানে কমপক্ষে চারজন মহিলা পুলিশসহ সাতজন পুলিশ ও দুজন গোয়েন্দা সদস্য মোতায়েন রয়েছে।

গত কয়েকদিন ধরে ওই হাসপাতালের ৪০৬ নম্বর কক্ষে বেগম বিদিশা এরশাদ চিকিৎসাধীন রয়েছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আট দিন আগে ভারত থেকে দেশে ফেরার পর থেকেই তার ওপর সরকারি গোয়েন্দাদের কড়া নজরদারি রয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, চিকিৎসার নামে ভারতে গিয়ে তিনি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নেতাদের সাথে বৈঠক করেছেন। তার এসব তৎপরতাকে দেশবিরোধী তৎপরতা বলে সরকার মনে করছে।

তবে তাকে ওই অভিযোগে গ্রেফতার করা হবে কিনা, এ ব্যাপারে কিছু জানা যায়নি।

এদিকে বিমানবন্দর সূত্রে জানা যায়, বিদিশার দেশের বাইরে যাওয়া বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সরকারের উচ্চ পর্যায় থেকে এ নির্দেশ দেওয়া হয়, বিমানবন্দরে বিদিশা উপস্থিত হওয়ামাত্র যেনো তার পাসপোর্ট জব্দ করা হয়।

সূত্র মতে, চিকিৎসার নামে দেশত্যাগের চেষ্টা করার অংশ হিসেবে বিদিশা সম্প্রতি সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

এ বিষয়ে গুলশান থানার কর্র্তৃব্যরত ডিউটি অফিসার এসআই বাবুল অবশ্য রাতে বিডিনিউজকে বলেন, নজরদারী নয় নিরাপত্তার স্বার্থেই তার ক্লিনিকে পুলিশ দেওয়া হয়েছে।