নরসিংদী উপনির্বাচনে আসাদুজ্জামানকে আ’লীগের সমর্থন, ‘নৌকা’ পাচ্ছেন না
নরসিংদী-১ উপ নির্বাচনে সরাসরি দলের ব্যানারে অংশ না নিলেও জেলা আওয়ামী লীগ সভাপতি এবং সম্মিলিত বিরোধী দল ও নাগরিক কমিটির প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামানকেই সমর্থন দিয়েছে আওয়ামী লীগ। তার পক্ষে নির্বাচনী কার্যক্রমও শুরু করে দিয়েছে প্রধান বিরোধী দল। তবে তাকে নৌকা প্রতীক দেওয়া হচ্ছে না।
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তাকে দলের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
একই সঙ্গে এ নির্বাচনে আওয়ামী লীগের অপর প্রার্থী ইঞ্জিনিয়ার শওকত আলীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত থাকার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র জানায়, এই দু’প্রার্থী গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে তার ধানমণ্ডির কার্যালয়ে দেখা করেন। দলীয় প্রধান এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তাদের। নির্বাচন পরিচালনা সম্পর্কিত ‘প্রয়োজনীয়’ নির্দেশনাও দেন তিনি।
তবে প্রতীক ও প্রার্থী বিষয়ে সিদ্ধান্ত কৌশলগত কারণে রোববার আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সভায় বসে সর্বশেষ পরিস্থিতির আলোকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
ওই দিন মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিবস। আগামী ২২ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব ইতোমধ্যে সরকার বিরোধী আন্দোলনরত সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করে ঐক্যবদ্ধভাবে ‘নির্বাচন যুদ্ধ’ পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুরু করেছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিডিনিউজ’কে জানিয়েছে, আওয়ামী লীগসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা সম্মিলিত বিরোধী দল ও নাগরিক কমিটি মনোনীত প্রার্থীর পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারনায় অংশ নেবেন। তবে প্রচারণাসহ প্রয়োজনীয় বিষয়গুলোতে কৌশল নির্ধারণ এখনও চুড়ান্ত করা যায় নি বলে সূত্র জানায়।
এ নির্বাচন বিষয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম শুক্রবার বিডিনিউজকে বলেন, কোনো নির্বাচনই এখন বিনা চ্যালেঞ্জ ছেড়ে দেওয়া যায় না। বিশেষ করে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পর জাতীয় রাজনীতিতে একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করা গেছে। সারা দেশের মানুষ এখন চট্টগ্রামের মতোই বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে অনাস্থা জানাতে প্রস্তুত। তাই সম্মিলিতভাবে এই নির্বাচন পরিচালনা করা গেলে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি অবশ্যই ইতিবাচক ফলাফল পাবে বলে আমি বিশ্বাস করি।
শেখ সেলিম বলেন, এছাড়া এ মুহূর্তে নির্বাচনে অংশ নিলে আমাদের দু’দিক থেকেই লাভ। জয় আসলে তা আগামী জাতীয় নির্বাচনে সারা দেশে একটা ইতিবাচক প্রভাব পড়বে। আর সরকার যদি কারচুপির আশ্রয় নিয়ে ভোট চুরি করে তাহলে বর্তমান নির্বাচন কমিশন ও সরকারের বিরুদ্ধে জনগণের ইতোমধ্যে যে নেতিবাচক বক্তব্য এসেছে তা আবারো প্রমাণিত হবে। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে বিরোধী দলের দাবি বাস্তবায়নে সূচিত আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে এটি কাজে আসবে বলে তিনি উল্লেখ করেন।
