বিএনপি’র পতন সময়ের ব্যাপার মাত্র: অধ্যাপক বি চৌধুরী
সাবেক রাষ্ট্রপতি এবং বিকল্প ধারা বাংলাদেশ প্রধান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বিএনপির পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
এছাড়াও তিনি সাম্প্রতিক ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর এবং ঠাকুরগাঁওয়ে বিকল্প ধারা নেতা-কর্মীসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের উপর নির্যাতনের জন্য সরকারের তীব্র সমালোচনা করেন।
নগরীর সেগুনবাগিচা এলাকায় বিকল্প ধারা বাংলাদেশ এর কার্যালয়ের সামনে শুক্রবার মানববন্ধনে অংশ নেয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ঠাকুরগাঁওয়ে সরকার সমর্থকদের বিকল্পধারা নেতা-কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচিতে বিকল্পধারার প্রচুর কর্মী অংশগ্রহণ করে।
ঠাকুরগাঁওয়ে বিকল্পধারার জনসমাবেশে হামলার ঘটনার উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি বলেন, এ হামলার মাধ্যমে ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের মুখোশ খুলে গেছে। তবে বাংলাদেশের জনগণ এই নির্যাতন সহ্য করবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর বিএনপি’র ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের হামলার নিন্দা করে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে, দেশের ছাত্র সমাজের সাথে তাদের কোন সম্পর্ক নেই।
মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বিকল্পধারার কেন্দ্রীয় নেতা ড. নুরুল আমিন বেপারি, শাহ আহমেদ বাদল, শেখ শহিদুজ্জামান এবং শেখ নাদির আহমেদ উপস্থিত ছিলেন।
