জাপা নেতাদের নারী কেলেংকারি ধামাচাপা দিতেই আমার বহিস্কার: বিদিশা
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় পত্নী ও দল থেকে সদ্য বহিস্কৃত প্রেসিডিয়াম সদস্য বিদিশা এরশাদ বলেছেন, ‘জাপা নেতাদের নারী কেলেংকারি ধামাচাপা দিতেই আমাকে বহিস্কার করা হয়েছে।’
তিনি দলের চেয়ারম্যান এরশাদকে শিশু হিসেবে উল্লেখ করে বলেন, ‘এরশাদ আমার কাছে কোনো বড় মানুষ নন, সে একজন শিশু। আমি আমার শিশু সন্তান এরিকের মতোই তাকে পালন করি।’
বিদিশা এরশাদ শুক্রবার বিডিনিউজকে দেওয়া বিশেষ সাক্ষাতকারে একথা বলেন। গুলশানের জেডএইচ সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের ৪০৬ নম্বর কক্ষে চিকিৎসাধীন অবস্থায় তার এই সাক্ষাতকারটি নেওয়া হয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এরশাদ সরকারের হুমকিতে ভয় পেলেও আমি ভয় পাই না। তাই বহিস্কারের আগে আমাকে গ্রেফতারের ভয় দেখিয়ে দেশত্যাগের কথা বলা হয়েছে। কিন্তু আমি রাজি হইনি। তাই আমাকে বহিস্কার করা হয়েছে। কিন্তু আমাকে বহিস্কারের আগে কোনো শো-কজ করা হয়নি।
তিনি আরো বলেন, জাতীয় পার্টি নারী কেলেংকারিতে চ্যাম্পিয়ন। দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ অন্য নেতারা কেলেংকারি করছেন। তাদের কেলেংকারির প্রতিবাদ করায় আমাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। অথচ নারী কেলেংকারির নায়ক মহাসচিবকে বহিস্কার করা উচিত ছিলো।
বহিস্কৃত নেত্রী বিদিশা বলেন, রুহুল আমিন হাওলাদার ও কাজী জাফর আহমেদের মতো প্রবীণ রাজনীতিকরা অত্যন্ত নবীন হয়েও দলে আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত। তারা আমাকে দলে সহ্য করতে পারেন না। তারা গুজব ছড়িয়েছে, আমি নাকি আওয়ামী লীগপন্থী। কিন্তু আমি কখনো আওয়ামী লীগপন্থী ছিলাম না। কখনো আওয়ামী লীগের রাজনীতি করবো না। কিন্তু সরকার আমাকে ভয় পায় কেনো, তা আমি বুঝতে পারছি না।
তিনি এরশাদের কেলেংকারি প্রসঙ্গে বলেন, ‘আামি এরশাদের অনেক কিছুই জানি। কিন্তু এখনও এসব বলার সময় আসেনি। সময় আসলে সবই বলবো। আমি মুখ খুললে এরশাদের বিপদ হবে।’
অপর এক প্রশ্নের জবাবে বিদিশা দলের গঠনতন্ত্রের ৪৬ ধারার তীব্র সমালোচনা করে বলেন, এরশাদের ক্ষমতা শুধু দলের ভেতরেই। তাই তিনি তার ইচ্ছামতো দলে নেন এবং দল থেকে বহিস্কার করেন। তাকে ৪৬ ধারায় দেওয়া ক্ষমতা সম্পূর্ণ অগণতান্ত্রিক।
বহিস্কারাদেশ সম্পর্কে তিনি বলেন, জাপার কিছু নেতা ও সরকারের চাপের মুখে এরশাদ এ আদেশ দিয়েছেন। আবার হয়তো প্রয়োজনে আদেশ প্রত্যাহার করে আমাকে দলে ফিরিয়েও নেবেন।
বিদিশা এরশাদের রাজনীতিকে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বলে উল্লেখ করে বলেন, এরশাদ নিজে সরকারের বিরোধিতা করার সাহস পান না। তিনি আমাকে সরকারবিরোধী বক্তব্য দিতে বাধ্য করেছেন। আবার সরকারের চাপে তা অস্বীকারও করেন। ৮০ বছর বয়স্ক এরশাদ জেলে যাওয়ার ভয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন না।
তিনি বলেন, ভারতের সাথে শুধু আমার নয়, বাংলাদেশ সরকারেরও সুসম্পর্ক রয়েছে। তারাই তো ভারতের সাথে ব্যবসা করছে। নইলে ভারতের পণ্য বাংলাদেশে আসছে কি করে?
তিনি দাবি করে বলেন, শুধু ভারত নয়, পাকিস্তানসহ বিশ্বের অনেক দেশের সঙ্গেই আমার সুসম্পর্ক রয়েছে। আমি জাতীয় পার্টির প্রতিনিধি হিসেবে অনেক দেশেই জাতীয় নেতাদের সাথে বৈঠক করেছি। জাপার জন্য আমি অনেক কিছু করেছি।
সম্প্রতি ভারত সফরে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করার কথা অস্বীকার করে তিনি বলেন, এখন আমার আর কেনো দায়িত্ব থাকলো না। এরশাদ গ্রেফতার হলে তাকে ছাড়ানোর দায়িত্ব থাকবে রওশন এরশাদসহ প্রধানমন্ত্রীর ঘনিষ্ট নেতাদের।
মানুষের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বিদিশা বলেন, মানুষের জন্য কাজ করতে জাপার প্রয়োজন নেই। আমি ‘মানচিত্র’ অফিসের মাধ্যমে মানুষের জন্য কাজ করে যাবো।
জাপা থেকে বহিস্কারাদেশ তার সংসারে কেনো প্রভাব ফেলবে কিনা, তা জানতে চাওয়া হলে এরশাদ পত্নী বলেন, সংসারের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তাই সংসার ভাঙার কোনো সম্ভাবনা নেই। রাজনীতিতে আসার আগেও গৃহবধু ছিলাম, রাজনীতি করার সময়ও ছিলাম, এখনও গৃহবধুই আছি।
