২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী উপ নির্বাচন : প্রতীক ও প্রার্থী চূড়ান্ত না করলেও আসাদুজ্জামানের পক্ষে নির্বাচনী কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ, মাঠে নামছে ১৪ দল

নরসিংদী-১ উপ নির্বাচনে সরাসরি দলের ব্যানারে অংশ না নিলেও জেলা আওয়ামী লীগ সভাপতি এবং সম্মিলিত বিরোধী দল ও নাগরিক কমিটির প্রার্থী এ্যাডভোকেট আসাদুজ্জামানের পক্ষে নির্বাচনী কার্যক্রম শুরু করে দিয়েছে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ। সমমনা ১৪ দল সরকারি দলের প্রার্থীর বিরুদ্ধে নাগরিক কমিটির নির্বাচনী কাজে মাঠে নামছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব ইতোমধ্যে সরকার বিরোধী আন্দোলনরত সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করে ঐক্যবদ্ধভাবে ‘নির্বাচন যুদ্ধ’ পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুরু করেছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিডিনিউজ’কে জানিয়েছে, আওয়ামী লীগসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা সম্মিলিত বিরোধী দল ও নাগরিক কমিটি মনোনীত প্রার্থীর পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারনায় অংশ নেবেন। তবে প্রচারণাসহ প্রয়োজনীয় বিষয়গুলোতে কৌশল নির্ধারণ এখনও চুড়ান্ত করা যায় নি বলে সূত্র জানায়।

অবশ্য সম্মিলিত বিরোধী দলের প্রার্থী ‘নৌকা’ প্রতীক পাবেন কি না-এনিয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি গত ১ জুন বৈঠকে বসে সবার মতামত নিলেও এ ব্যাপারে দলটি আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে এই উপ নির্বাচন যুদ্ধের মাধ্যমে বিএনপি’র এ আসনটি দখলে নিতে নৌকা প্রতীক বিশেষ ভূমিকা রাখবে বলে দলের অধিকাংশ নেতা মত প্রকাশ করেছেন। এ্যাডভোকেট আসাদুজ্জামান নৌকা প্রতীকের জন্যে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন।

৫ জুন মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সভায় বসে সর্বশেষ পরিস্থিতির আলোকে চূড়ান্ত সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। আগামী ২২ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে নরসিংদী উপনির্বাচনে জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট এম আসাদুজ্জামান ও সহ সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শওকত আলী প্রার্থী হওয়ায় বিরোধী দল কিছুটা বিব্রতকর অবস্থায় পড়লেও শেষ পর্যন্ত দলের প্রার্থী একজনই থাকবেন বলে সূত্র জানিয়েছে। যদিও ইঞ্জিনিয়ার শওকত দলীয় সর্মথন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা আগেই ঘোষণা করেন।

সূত্র জানায়, এই দু’প্রার্থী গত বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে তার ধানমণ্ডির কার্যালয়ে দেখা করেন। তিনি তাদের ‘প্রয়োজনীয়’ নির্দেশনা দিয়েছেন বলে জানালেও সুনির্দিষ্টভাবে কিছু জানাতে অপরগতা প্রকাশ করে সূত্রটি। তবে শনিবারের মধ্যে প্রতীক ও প্রার্থী বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে কৌশলগত কারণে তা রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

এ নির্বাচন বিষয়ে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম শুক্রবার বিডিনিউজকে বলেন, কোনো নির্বাচনই এখন বিনা চ্যালেঞ্জ ছেড়ে দেওয়া যায় না। বিশেষ করে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের পর জাতীয় রাজনীতিতে একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করা গেছে। সারা দেশের মানুষ এখন চট্টগ্রামের মতোই বিএনপি জামাত জোট সরকারের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে অনাস্থা জানাতে প্রস্তুত। তাই সম্মিলিতভাবে এই নির্বাচন পরিচালনা করা গেলে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি অবশ্যই ইতিবাচক ফলাফল পাবে বলে আমি বিশ্বাস করি।

প্রতীক বরাদ্দ সম্পর্কে তিনি জানান, সরাসরি দলের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা না করলেও কেউ ‘নৌকা’ প্রতীক চাইলে আওয়ামী লীগ প্রয়োজন বোধে তা দিতে পারে।

শেখ সেলিম বলেন, এছাড়া এ মুহূর্তে নির্বাচনে অংশ নিলে আমাদের দু’দিক থেকেই লাভ। জয় আসলে তা আগামী জাতীয় নির্বাচনে সারা দেশে একটা ইতিবাচক প্রভাব পড়বে। আর সরকার যদি কারচুপির আশ্রয় নিয়ে ভোট চুরি করে তাহলে বর্তমান নির্বাচন কমিশন ও সরকারের বিরুদ্ধে জনগণের ইতোমধ্যে যে নেতিবাচক বক্তব্য এসেছে তা আবারো প্রমাণিত হবে। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে বিরোধী দলের দাবি বাস্তবায়নে সূচিত আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে এটি কাজে আসবে বলে তিনি উল্লেখ করেন।