জোট প্রার্থী সমর্থক ফরাজির লাশ দাফন, স্বতন্ত্রপ্রার্থীসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১
নরসিংদী-১ আসনের উপনির্বাচনে প্রতিপক্ষের হামলায় নিহত জোট প্রার্থীর সমর্থক শহিদুল্লাহ ফরাজির (৪৫) লাশ রোববার দুপুরে করিমপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
চার দলীয় জোট প্রার্থী খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, বাবুল সরকারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দ জানাযায় উপস্থিত ছিলেন।
ফরাজির মৃত্যুর ঘটনায় নিহতের চাচাত ভাই আজিজুর রহমান ফরাজি বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শাহাদৎ হোসেন মুন্নাসহ ৪১ জনের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।
শনিবার রাতে ফরাজিসহ সাত-আটজন সমর্থক জোট প্রার্থীর নির্বাচনি ক্যাম্প থেকে বাড়ি ফেরার পথে করিমপুর পুলিশ ফাঁড়ির কাছে নোয়াব মিয়ার বাড়ির মোড়ে পৌঁছলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা তাদের গতিরোধ করে এবং চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ফরাজির মৃত্যু ঘটে।
এ ঘটনায় আহত আজিজুর রহমান ফরাজি (৩৫), খলিল মিয়া (২৮), মো. ফিরোজ মিয়া (২০), মো. মতি মিয়াকে (১৮) নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে, ফরাজির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জোট প্রার্থীর সমর্থকরা শনিবার রাতে নরসিংদী শহরে স্বতন্ত্রপ্রার্থী মুন্নার নির্বাচনী ক্যাম্পগুলো ভাংচুর করে।
