২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও একবার একাত্তর দেখতে চাই: নিউইয়র্কে ড. কামাল

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন আগামী নির্বাচনে অসাম্প্রদায়িক শক্তির বিজয়ের পক্ষে গণজোয়ারের আহ্বান জানিয়ে বলেছেন, আবারও একবার একাত্তর দেখতে চাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিথুন আহমেদ, নিউইয়র্ক ব্যুরো চিফ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 01:04 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ফোরাম ফর সেক্যুলার ডেমোক্র্যাটিক বাংলাদেশ আয়োজিত এক মত-বিনিময় সভায় তিনি বলেন, ধর্মভিত্তিক রাজনীতি অনেক আগেই এ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বাংলার মানুষ চিরকালই সাম্প্রদায়িক ও মৌলবাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করে আসছে।

বাংলাদেশকে একটি সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে তিনি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং তাদের রাজনৈতিকভাবে প্রশিক্ষিত করে তোলার আহ্বান জানান।

তিনি সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত প্রার্থী মনোনয়নের পক্ষে আগামী নির্বাচনে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

ড. কামাল হোসেন বলেন, বিদেশের কাছে দেশের ভাবমূর্তি সরকারের ভেতরে যারা আছে তারাই নষ্ট করছে, বিরোধী দল নয়। সরকারের বর্তমান কার্যকলাপ, মানবাধিকার বিরোধী ও সন্ত্রাসী তৎপরতা এবং মৌলবাদী রাজনীতির পৃষ্ঠপোষকতা ও পরস্পর বিরোধী বক্তব্যকে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হওয়ার মূল কারণ বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের কোনও কোনও মন্ত্রী নিজেদের অসহায় মনে করেন। বেশির ভাগ মন্ত্রীই অশুভ শক্তির সাথে যুক্ত এবং তারাই ক্ষমতার কেন্দ্রবিন্দু।

পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে তিনি বলেন, নিজেকে সফল দাবি করলেও আমেরিকাতে এসে দেশের ভাবমূর্তি রক্ষায় তার কোনও ভূমিকার হদিস পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ের বিভিন্ন হত্যাকাণ্ড এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, গডফাদারদের আড়াল করার জন্যই পরিকল্পিতভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় নির্বিচারে এই গণহত্যা করা হচ্ছে যাতে করে প্রকৃত তথ্য ফাঁস না হয়ে যায়।

তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগতভাবে কেউই নিরাপদ নয়।

সরকার ও নির্বাচন পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের শুধু সংসদে নয় ইউনিয়ন পর্যায়েও জবাবদিহিতার ব্যবস্থা প্রয়োজন।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশার গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে ও দলীয় কারণে কাউকে হযরানি করা কিংবা গ্রেফতার করা সম্পূর্ণ সংবিধান পরিপন্থী।

বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সাথে আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কিত অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আগামী নির্বাচনে বৃহত্তর গণঐক্য গড়ে তোলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে প্রগতিশীল ও মুক্তমনা দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনে প্রবাসীদের সাথে থাকার আহ্বান জানান।