বিচারপতি কেএম হাসানকে তত্ত্ববধায়ক সরকারের প্রধান করতে ষড়যন্ত্র করছে সরকার : মোহাম্মদ নাসিম
সাবেক স্বরাষ্ট্র, তার ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি তার একসময়ের আন্তর্জাতিক সম্পাদক বিচারপতি কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর ষড়যন্ত্র করছে।
এ কারণে বিচারপতিদের অবসরের সময়সীমা দুই বছর বাড়ানো হয়েছে।
সোমবার ঠাকুরগাঁও নাট্য সমিতি হলরুমে স্থানীয় আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম আরও বলেন, সেনাবাহিনী, পুলিশসহ অন্য কোন সরকারি কর্মচারিদের অবসরের সময়সীমা বাড়ানো হয়নি। কেবল বিচারপতিদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোয্য হচ্ছে। এতে বিচারপতি কেএম হাসানকে সর্বশেষ প্রধান বিচারপতি দেখিয়ে ২০০৭ সালের নির্বাচন সম্পন্ন করা হবে।
মোস্তফা আলম বুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তৃব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মীর্জা আজম এমপি, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ, সাবেক এমপি রমেশ সেন, এমরাম হোসেন প্রমুখ।
