বুধবার কৃষক লীগের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করবেন শেখ হাসিনা
বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে বুধবার বৃক্ষ রোপণ কর্মসূচি ২০০৫ উদ্বোধন করা হবে।
আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ধানমণ্ডির বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচি উদ্বোধন করবেন।
এদিকে দিবসটি উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্যে প্রচুর গাছ লাগাতে হবে।
শেখ হাসিনা সারাদেশে বনভূমি ধ্বংসের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যেখানে দেশে ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন, সেখানে বনভূমি রয়েছে মাত্র ১৫ শতাংশ।
শেখ হাসিনা বলেন, প্রাকৃতিক ভারসাম্য এবং জীব বৈচিত্র্য রক্ষার জন্যে দ্রুত এ সমস্যার সমাধান করা উচিত। আওয়ামী লীগ সভানেত্রী ১৯৭৩ সালে উপকূলীয় সবুজ বেষ্টনী গড়ে তোলার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন।
